দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ১৯:২৭ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ১৯:৫৭ পিএম
দিনাজপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির এক অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী। প্রবা ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ২০৪১ সালের মধ্যে দেশের জনগণকে সরকার স্মার্ট হিসেবে তৈরি করতে চায় বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ শুধু একটি স্লোগান নয়। দেশের জনগোষ্ঠীকে স্মার্ট হিসেবে তৈরি করতে চায় সরকার।’
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিশ্বের বুকে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত। বিমান খাতে ব্যাপক উন্নয়নের ফলে সৈয়দপুর-কক্সবাজার বিমানযোগে যাতায়াত করছে মানুষ। তা ছাড়া খাদ্য, শিক্ষা, বস্ত্র ও বাসস্থানের মতো জনগণের মৌলিক অধিকারগুলোর উন্নতি ঘটেছে।’
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে অন্যান্য খাতের মধ্যে নারীদের কর্মসংস্থান বাড়ানোর উদাহরণ টেনে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গঠনের পর প্রথমে নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেন। উপজেলা প্রশাসন কার্যালয়ে নারীরা দায়িত্ব পালন করছেন। বর্তমানে দেশে অনেক নারী ডিসি, ইউএনও কাজ করছেন। আমাদের জাতীয় সংসদের স্পিকার নারী। নারী জাগরণের প্রতিকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’