প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩ পিএম
প্রতিকী ছবি
চট্টগ্রামের সাতকানিয়া ও সাতক্ষীরায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একদিনে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
চন্দনাইশ (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে পানিতে ডুবে আরও এক অজ্ঞাত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টার মধ্যে উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন ও পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী আলীনগর এলাকায় এ ঘটনাগুলো ঘটে।
নিহত দুই শিশু হলোÑ পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছামতী আলীনগর এলাকার জিয়াবুল হকের মেয়ে উম্মে মানহা (৫) এবং কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরানীহাট এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. এজহার (৭)।
পরিবার সূত্রে জানা যায়, উম্মে মানহা নানার বাড়িতে বেড়াতে এসে তার ফুপাতো ভাই এজহারের সঙ্গে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে বেলা সাড়ে ৩টার দিকে এক থেকে দুই বছর বয়সী আরও এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে শিশুটির পরিচয় জানা যায়নি।
সাতক্ষীরা: সাতক্ষীরার বাটকেখালি এলাকায় পুকুরের পানিতে ডুবে একই এলাকার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলোÑ বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা (১০) এবং সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র লাবিব (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। বেলা গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ১টার দিকে পুকুর ঘাটে দুই জোড়া স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয় এক ব্যক্তির। পরে তিনি পানিতে নেমে খোঁজাখুঁজি করে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।