× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই টুকরো করা লাশের পরিচয় পেয়েছে পুলিশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৮ পিএম

হত্যাকাণ্ডে জড়িত ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হত্যাকাণ্ডে জড়িত ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর হামজা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানা-সংলগ্ন কালভার্টের নিচ থেকে ব্রিফকেসে ভাসমান অজ্ঞাত নারীর খণ্ডিত অর্ধগলিত লাশের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে গাজীপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি, দা, ভিকটিমের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল ফোন ও জুতা উদ্ধার করেছে।

সোমবার দুপুরে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার গাজীপুর মহানগরীর রাজদীঘির উত্তর পাড়ে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত ডলি আক্তার (৩০) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাহাড়পাবিজান গ্রামের বাদশা মিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর গাজীপুরের জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা (মেম্বারবাড়ী) এলাকায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় বাঘের বাজার এলাকার ‘গোল্ডেন রিফিট গার্মেন্টস’ কারখানায় সুইং অপারেটর হিসেবে চাকরি করতেন। ওই কারখানায় চাকরি করা অবস্থায় মিশন ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দীর্ঘ পাঁচ বছর তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া হয়। নিহত ডলি আক্তার প্রায়ই মিশনের ভাড়া বাসায় যাতায়াত করতেন।

ডলি আক্তারকে হত্যার ঘটনায় তার বড় ভাই সোহেল (৪৪) অজ্ঞাতদের আসামি করে শনিবার জয়দেবপুর থানায় মামলা করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে পিবিআই গাজীপুর জেলা স্বতঃপ্রণোদিতভাবে ছায়াতদন্ত শুরু করে।

চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তার আসাইমরা হলেনÑ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাসকুর আলমের ছেলে প্রেমিক মিশন ইসলাম (২২), তার মা বানু আক্তার (৪৩) এবং সহযোগী মিজানুর রহমান মিল্টন (২৪)। গ্রেপ্তার তিনজনই বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই গাজীপুরের পরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারী জানান, আধুনিক তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে ঘটনায় জড়িত সন্দেহে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মিজানুর রহমান মিল্টনকে এবং প্রেমিক মিশন ইসলাম ও তার মা বানু আক্তারকে একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন বাহাদুরপুর (তুলসীভিটা) এলাকার পৃথক ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য এবং তাদের দেখানো মতে মিশন ইসলামের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। পরে মরদেহ খণ্ডিত করার কাজে ব্যবহৃত একটি বঁটি, দা, মরদেহ প্যাকেজিংয়ে ব্যবহৃত স্কচটেপের অবশিষ্টাংশ, ডলি আক্তারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যবহৃত বাটন মোবাইল ফোন ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়। এ ছাড়া স্যুটকেস ক্রয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার বলেন, লাশটি অজ্ঞাত এবং পচনশীল হওয়ায় মৃতের পরিচয় শনাক্ত করা প্রথমে কঠিন হয়ে পড়ে। ক্রাইমসিন বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও বিশ্বস্ত সোর্সের সমন্বিত ব্যবহারের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকার হামজা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে খালের পানিতে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশের কোমরের নিচের অংশ ব্রিফকেসের ভেতর এবং কোমরের ওপরের অংশ প্লাস্টিকের বস্তায় রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা