কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৫ পিএম
কচুয়ায় মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে ওয়ার্ড জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে এক ওয়ার্ড জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সকালে উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামে বেনুছো বাড়ির মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার মেয়েদের আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে গ্রেপ্তার জামায়াত নেতা নুরুল আলমকে চাঁদপুর আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
গ্রেপ্তার মো. নুরুল আলম (৪০) ওয়ার্ড জামায়াতের আমির এবং গত জাতীয় সংসদ নির্বাচনে ১২নং আশ্রাফপুরের ৫নং ওয়ার্ড নির্বাচনী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, জামায়াতে নেতা নুরুল আলম উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামে বেনুছো বাড়ির মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক। এ সুবাধে নুরুল আলম প্রায়ই সময় ১৩ বছর বয়সী ভুক্তভোগীসহ কয়েকজন ছাত্রীকে বিভিন্ন ধরনের যৌন হয়রানি করে আসছেন।
ভুক্তভোগীর মা বলেন, ঘটনার দিন সকালে ভুক্তভোগী নিয়মিত পড়াশোনা করছিল। এ সময় অভিযুক্ত শিক্ষক কৌশলে তাকে শোয়ার কক্ষে নিয়ে যান এবং অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ ও শ্লীলতাহানি করে। পরে সে কাঁদতে কাঁদতে পুনরায় পড়ার কক্ষে আসে। মাদ্রাসা থেকে এসে বিষয়টি আমাকে জানায়। এরপর মাদ্রাসায় গিয়ে মেয়ের সহপাঠীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে বিষয়টি নিশ্চিত হই। অভিযুক্ত শিক্ষক এর আগেও মাদ্রাসায় অধ্যয়নরত কয়েকজন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেছেন।