× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎ এমপি মাজহারুল ইসলামকে রামকৃষ্ণ সেবাশ্রমের সংবর্ধনা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৫ পিএম

 কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম।  ছবি:  প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

 কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম।

একই অনুষ্ঠানে রামকৃষ্ণ পরমহংসের জীবন, দর্শন ও মানবকল্যাণমূলক আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা শহরের রথখলা এলাকায় অবস্থিত কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে রবিবার  রাত ৮টার দিকে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অধ্যাপক রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহীদুল্লাহ কায়সার শহীদ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অনিল চন্দ্র পণ্ডিত, গৌতম সরকারসহ রামকৃষ্ণ সেবাশ্রমের নেতা, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানের শুরুতে রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সেবাশ্রমের নেতা উপস্থিত অতিথিরা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কিশোরগঞ্জের মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা রামকৃষ্ণ পরমহংসের জীবন, দর্শন ও মানবসেবার আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মানুষের প্রতি ভালোবাসা, মানবসেবা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। রামকৃষ্ণ পরমহংসের জীবন ও আদর্শ থেকে এসব মূল্যবোধের শিক্ষা নিয়ে সমাজের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম দীর্ঘদিন ধরে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য উল্লেখ করে বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু বলেন, “রামকৃষ্ণ সেবাশ্রম যদি এসব তরুণকে কম খরচে থাকার সুযোগ দিয়ে গুরুদয়াল কলেজ ও সরকারি কলেজে পড়াশোনার সুযোগ করে না দিত, তাহলে আমার মনে হয় কিশোরগঞ্জে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড এতটা বিস্তৃত হতো না। রামকৃষ্ণ সেবাশ্রমের মানবিক দিকটি আমি নিজেও আমার সংগঠনের মাধ্যমে অনুধাবন করেছি।”

তিনি আরও বলেন, “কিশোরগঞ্জে অনেক বড় বড় নেতা আমরা দেখেছি। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে মহাদুল ভাইয়ের মতো জনপ্রিয় নেতা এর আগে আমি দেখিনি। তাই তার কাছে আমার অনুরোধ, কাটার বাড়ির প্রায় ৪০ শতাংশ জায়গা নিয়ে যে দাবি রয়েছে, সেখানে যেন দৃষ্টিনন্দন একটি স্থাপনা বা অবকাঠামো গড়ে তোলা হয়। আমরা চাই, এমন কিছু তিনি করে যানÑ যা প্রজন্মের পর প্রজন্ম কিশোরগঞ্জের মানুষ স্মরণ করবে।”

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমি শুরু থেকেই অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আপনারা ডাকলেই আমি আপনাদের অনুষ্ঠানে আসি। আপনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে।’

তিনি বলেন, ‘শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমটি বর্তমানে অত্যন্ত ছোট জায়গায় রয়েছে। দিন দিন এখানে মানুষের সমাগম ও কার্যক্রম বাড়ছে। ফলে স্থান সংকুলান হচ্ছে না। আশ্রমের পরিধি আরও বড় হওয়া প্রয়োজন।’

সামনে দুর্গাপূজা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, “দুর্গাপূজা একটি ব্যয়বহুল আয়োজন। এ জন্য সরকারি সহায়তা প্রয়োজন। এ বিষয়ে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। পূজামণ্ডপগুলোতে সরকারি সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।”

অনুষ্ঠানে রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যক্রম আরও সম্প্রসারণ, ধর্মীয় সম্প্রীতি জোরদার এবং মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা