টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৫ পিএম
মাদক কারবারিদের পাথরের আঘাতে আহত পুলিশের কনস্টেবল মাসুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের টঙ্গীতে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে মাদক কারবারিরা। এ সময় পাথরের আঘাতে মাসুদ নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে মাদক সম্রাজ্ঞী রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর রাহুলকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার পথে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায় বলেও দাবি তাদের।
এ সময় হামলাকারীরা রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে থানায় নেওয়ার সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর বৃষ্টির মতো ছুড়তে থাকে।
এতে কনস্টেবল মাসুদ আহত হন এবং সেই সুযোগে আসামিকে ছিনিয়ে নেয় তারা। আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।