× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্রকৃতির স্বর্গ’ সীতাকুণ্ডে অব্যবস্থাপনার কালো ছায়া

মো. আশরাফ উদ্দীন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৭ পিএম

পাহাড়-সমুদ্রের অপূর্ব মিতালিতে সীতাকুণ্ডের প্রকৃতি মুগ্ধ করলেও রক্ষণাবেক্ষণ ও সুব্যবস্থার অভাবে ম্লান হচ্ছে চট্টগ্রামের জনপ্রিয় এই পর্যটন জনপদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাহাড়-সমুদ্রের অপূর্ব মিতালিতে সীতাকুণ্ডের প্রকৃতি মুগ্ধ করলেও রক্ষণাবেক্ষণ ও সুব্যবস্থার অভাবে ম্লান হচ্ছে চট্টগ্রামের জনপ্রিয় এই পর্যটন জনপদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সকালে গুলিয়াখালীর নরম কাদায় পা ডুবে যায়, আর বিকালে সেই কাদার ওপরই পড়ে থাকে পর্যটকদের ফেলে যাওয়া চিপসের প্যাকেট ও প্লাস্টিকের বোতল।

পাহাড়-সমুদ্রের অপূর্ব মিতালিতে সীতাকুণ্ডের প্রকৃতি মুগ্ধ করলেও রক্ষণাবেক্ষণ ও সুব্যবস্থার অভাবে ম্লান হচ্ছে চট্টগ্রামের জনপ্রিয় এই পর্যটন জনপদ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে এলেও ন্যূনতম নাগরিক সুবিধার ঘাটতি ও চরম অব্যবস্থাপনায় সম্ভাবনাময় পর্যটন খাতটি ক্রমেই মুখ থুবড়ে পড়ছে।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, অব্যবস্থাপনার কারণে প্রতিবছর সীতাকুণ্ডে প্রায় ৫০ কোটি টাকার পর্যটন সম্ভাবনা নষ্ট হচ্ছে।

সমুদ্রই যেন ময়লার ভাগাড়

বিশ্বখ্যাত চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী বিচ, বাঁশবাড়িয়া বিচ ও পাহাড়ি ঝরনাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করলেও চারপাশের পরিবেশ বিপর্যস্ত। 

প্রশাসনের তথ্য অনুযায়ী, ছুটির দিনে শুধু গুলিয়াখালী ও বাঁশবাড়িয়ায় ১৫ থেকে ২০ হাজার এবং চন্দ্রনাথ পাহাড়ে ৮ থেকে ১০ হাজার পর্যটকের সমাগম ঘটে। বিপুল এই জনস্রোতের বিপরীতে নেই কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা। যত্রতত্র পলিথিন, প্লাস্টিকের বোতল ও খাবারের উচ্ছিষ্ট ফেলার কারণে উপকূলীয় পরিবেশ ও সমুদ্রের পানির মান নষ্ট হচ্ছে।

এ ছাড়া পাহাড়ি ঝরনায় দুর্ঘটনার ঝুঁকি, অপরিকল্পিত বাণিজ্যিক স্থাপনা ও বখাটেদের উপদ্রব পর্যটকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে।

পরিবেশবিদদের মতে, দ্রুত পরিকল্পিত ইকো-ট্যুরিজম নিশ্চিত করা না গেলে আগামী পাঁচ বছরের মধ্যে গুলিয়াখালীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

নিরাপত্তাহীনতার অভিযোগ

বেশ কয়েকজন পর্যটকদের অভিযোগ, ছুটির দিনে বিপুল সমাগম হলেও পর্যাপ্ত শৌচাগার, বিশ্রামাগার ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পরিকল্পিত পার্কিং জোন না থাকায় যানবাহনের বিশৃঙ্খল পার্কিংয়ে যানজট সৃষ্টি হয় বলেও দাবি তাদের।

অতিরিক্ত দাম আদায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির বিষয়েও নিয়মিত তদারকির ঘাটতি রয়েছে অভিযোগ করে তারা অভিযোগ করেন, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী পর্যটকদের জন্যও নেই বিশেষ সুযোগ-সুবিধা।

ঢাকা থেকে সপরিবারে ঘুরতে আসা পর্যটক হাসান মাহমুদ বলেন, “সীতাকুণ্ডের পাহাড় ও সমুদ্রের প্রকৃতি সত্যিই দুর্দান্ত, কিন্তু এখানে এসে পরিবার নিয়ে এক মুহূর্ত স্বস্তিতে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না।”

টাকা খরচ করে পর্যটকরা ঘুরতে এসে নানাভাবে হয়রানির শিকার হয় দাবি করে তিনি বলেন, “চারদিকে শুধু ময়লার স্তূপ, টয়লেটের চরম সংকট এবং নিরাপত্তার অভাব।”

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, “ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড় বাড়লে আমাদের ছোটখাটো ব্যবসা ভালো চলে এবং স্থানীয়ভাবে কিছু মানুষের কর্মসংস্থান হয়।

“কিন্তু প্রশাসনের কঠোর তদারকি না থাকায় কিছু অসাধু লোক পর্যটকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে, যার পুরো বদনাম আমাদের ওপর এসে পড়ে। পরিবেশটা সুন্দর ও নিরাপদ করা গেলে এলাকায় পর্যটক আরও বহুগুণ বেড়ে যেত।"

উপজেলা প্রশাসন জানায়, পর্যটন খাতের উন্নয়নে ‘নিরাপদ পর্যটন জোন’ ও পর্যটন করপোরেশনের ‘ক্লিন সীতাকুণ্ড’ প্রকল্পের আওতায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নিয়মিত অভিযান ও নজরদারি চলছে।

সীতাকুণ্ডের পাহাড়-সমুদ্রের সৌন্দর্য রক্ষায় এখনই কার্যকর মাস্টারপ্ল্যান বাস্তবায়ন না হলে একদিন এই অপার সৌন্দর্যও শুধু স্মৃতি হয়ে থাকতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা