× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হিমোগ্লোবিন ৭.৪ জেনেও’ অস্ত্রোপচার, পরদিন সকালে নারীর মৃত্যু

পত্নীতলা (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৫ এএম

আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হিমোগ্লোবিন মাত্র ৭ দশমিক ৪ গ্রাম/ডেসিলিটার। একই দিনে করা আরেক পরীক্ষায়ও মাত্রা পাওয়া গেছে ৭ দশমিক ৫ গ্রাম/ডেসিলিটার। রক্ত পরীক্ষার রিপোর্টে এমন তথ্য থাকার পরও নওগাঁর মহাদেবপুরে নাসিমা (৩৫) নামের এক নারীর পাইলসের অস্ত্রোপচার করা হয়েছে।

অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরদিন সকালে মৃত্যু হয় তার।

ঘটনাটি ঘটেছে উপজেলার আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালে। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় নাসিমার অস্ত্রোপচার করা হয়। পরদিন ১৩ সেপ্টেম্বর সকালে নাসিমার মৃত্যু হয়।

নাসিমার পৃথক দুই জায়গায় পরীক্ষা করা দুটো রিপোর্ট। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

এরপর রোগীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত, রক্তস্বল্পতা বিবেচনা, অস্ত্রোপচার-পরবর্তী পর্যবেক্ষণ এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনেরা।

নাসিমা উপজেলার রেজাউল ইসলামের স্ত্রী।

রিপোর্টে ‘রক্তস্বল্পতা’, তবু অস্ত্রোপচার

পরিবারের ভাষ্য, পাইলসের চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে ১২ সেপ্টেম্বর নাসিমাকে আল মদিনা হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

হাসপাতালের কাগজপত্রে থাকা একটি হেমাটোলজিক্যাল রিপোর্টে নাসিমার হিমোগ্লোবিন ৭ দশমিক ৪ গ্রাম/ডেসিলিটার উল্লেখ করা হয়েছে।

একই দিনে করা অন্য একটি রিপোর্টে হিমোগ্লোবিন পাওয়া যায় ৭ দশমিক ৫ গ্রাম/ডেসিলিটার।

শুধু হিমোগ্লোবিন নয়, দুই রিপোর্টে রক্তের অন্যান্য উপাদানেও উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। একটি রিপোর্টে WBC ১২ হাজার ২০০ ও প্লেটলেট ৩ লাখ ৮৪ হাজার; অন্যটিতে WBC ২৬ হাজার ২০০ ও প্লেটলেট ৬ লাখ ৫ হাজার উল্লেখ করা হয়েছে।

এমন রিপোর্টের পর রোগীর অস্ত্রোপচারের ঝুঁকি কীভাবে মূল্যায়ন করা হয়েছিল, সেটিই এখন বড় প্রশ্ন।

সন্ধ্যায় অস্ত্রোপচার, সকালে মৃত্যু

পরিবারের সদস্যদের দাবি, ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসিমাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. ইমরান আলী অ্যানেস্থেশিয়া দেন এবং ডা. দেওয়ান মো. আব্দুস সবুর অস্ত্রোপচার করেন বলেও জানান তারা।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের সময় বা পরে রক্তস্বল্পতার কারণে নাসিমাকে বি-পজিটিভ গ্রুপের এক ব্যাগ রক্ত দেওয়া হয়।

নাসিমার স্বামী রেজাউল ইসলাম বলেন, অস্ত্রোপচারের পর রাতে তার স্ত্রীর অবস্থা মোটামুটি ভালোই ছিল। কিন্তু ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে হঠাৎ বুকে ব্যথা শুরু হয়।

রেজাউলের অভিযোগ, এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে ডাকতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে সকাল ৯টার দিকে অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. দেওয়ান মো. আব্দুস সবুর হাসপাতালে আসেন। এরপর তিনি রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতাল থেকে অন্যত্র নেওয়ার আগেই নাসিমার মৃত্যু হয়।

রেজাউল আরও জানান, মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের লিখিতভাবে মীমাংসা হয়েছে।

চিকিৎসকের দাবি, রিপোর্ট দেখেই অস্ত্রোপচার

অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. দেওয়ান মো. আব্দুস সবুর বলেন, তিনি প্রায় চার বছর ধরে অস্ত্রোপচার করছেন। রোগীর কাগজপত্র ও পরীক্ষার রিপোর্ট দেখেই অস্ত্রোপচার করা হয়েছে।

অস্ত্রোপচারের আগে হিমোগ্লোবিন ৭ দশমিক ৪ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অস্ত্রোপচারের সময় রোগীকে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল।

তবে অস্ত্রোপচারের আগে রোগীর হিমোগ্লোবিনের এই মাত্রা কতটা ঝুঁকিপূর্ণ ছিল, অস্ত্রোপচারের সিদ্ধান্তের আগে কোনো বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়েছিল কি না এবং রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা কী ছিল-এসব বিষয়ে তার কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

হাসপাতালের দাবি, চিকিৎসকই সিদ্ধান্ত নিয়েছেন

আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক মোস্তাকিম বলেন, রোগী ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচারের ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার দিয়ে অ্যানেস্থেশিয়া ও অস্ত্রোপচার করানো হয়েছে।

তিনি বলেন, রোগীর কাগজপত্র চিকিৎসক দেখেই অস্ত্রোপচার করেছেন। বিষয়টি চিকিৎসকই ভালো বলতে পারবেন।

রোগীর মৃত্যুর পর স্বজনদের সঙ্গে লিখিতভাবে মীমাংসা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আগেও বন্ধ হয়েছিল হাসপাতাল

আল মদিনা হাসপাতালটির অতীত নিয়েও প্রশ্ন রয়েছে। নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযোগের কারণে এর আগে ওই ক্লিনিক বন্ধ করা হয়েছিল। পরে প্রয়োজনীয় বিষয় ঠিক করে প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ অর্থবছরের লাইসেন্স নেয়।

রোগীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে নতুন করে জানতে পেরেছেন জানিয়ে সিভিল সার্জন বলেন, তিনি নিজে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বিষয়টি দেখবেন। কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি ১০ শয্যার হাসপাতাল হিসেবে অনুমোদিত। সেখানে সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকার কথা। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকার অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তে মিলবে মৃত্যুর প্রকৃত কারণ

নাসিমার মৃত্যু ঘিরে এখন একাধিক প্রশ্ন সামনে এসেছে। অস্ত্রোপচারের আগে হিমোগ্লোবিন ৭ দশমিক ৪ থাকা সত্ত্বেও কেন অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হলো। রোগীর রক্তস্বল্পতা ও অন্যান্য রিপোর্ট কীভাবে মূল্যায়ন করা হয়েছিল? অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় ঝুঁকি মূল্যায়ন করা হয়েছিল কি না? অস্ত্রোপচারের পর পর্যাপ্ত পর্যবেক্ষণ ছিল কি? আর শারীরিক অবস্থার অবনতির সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হাসপাতালে ছিলেন কি না- এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।

তবে শুধু হিমোগ্লোবিনের মাত্রা বা অস্ত্রোপচারের পর মৃত্যু ঘটেছে- এ দুটো তথ্যের ভিত্তিতে চিকিৎসায় অবহেলা বা মৃত্যুর নির্দিষ্ট কারণ চূড়ান্তভাবে বলা যায় না।

এ জন্য প্রয়োজন রোগীর সম্পূর্ণ চিকিৎসা নথি, অস্ত্রোপচারের রেকর্ড, অ্যানেস্থেশিয়া নোট, ব্যবহৃত ওষুধের তালিকা, রক্ত সঞ্চালনের রেকর্ড এবং মৃত্যুর কারণসংক্রান্ত নথি পর্যালোচনা।

স্বাস্থ্য বিভাগের তদন্তে এসব নথি যাচাই এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পর্যালোচনা করা হলে নাসিমার মৃত্যুর প্রকৃত কারণ এবং কোনো অনিয়ম হয়েছিল কি না, তা স্পষ্ট হওয়া যাবে বলে আশা প্রকাশ করো হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা