পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৬ এএম
পরিদর্শনকালে দুই প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন পাশাপাশি খাবারের মান ও পরিমাণও পরীক্ষা করেন তারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি।
রবিবার রাতে হাসপাতাল পরিদর্শনে তাদের সঙ্গে ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে দুই প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
রোগীরা নিয়মিত ওষুধ ও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন কি না এবং চিকিৎসা নিতে কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কি না, তা জানতে রোগী ও স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন তারা।
এ সময় হাসপাতালের রোগীদের জন্য প্রস্তুত ও পরিবেশন করা খাবারের মান ও পরিমাণও পরীক্ষা করেন দুই প্রতিমন্ত্রী। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী সঠিক পরিমাণে ও মানসম্মত খাবার দেওয়া হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শন শেষে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার পরিবেশ উন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন তারা।
পাশাপাশি রোগীদের খাবারে কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারির নির্দেশও দেন তারা।