চট্টগ্রাম কাস্টম হাউস। ছবি: বাসস
আমদানি পণ্য দ্রুত খালাস এবং দেশের পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে চট্টগ্রাম কাস্টম হাউসে ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিনই শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনেও এ কার্যক্রম চলমান থাকবে।
কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানি পণ্য চালানের দ্রুত খালাস নিশ্চিত করে দেশের সামগ্রিক সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখার স্বার্থে চট্টগ্রাম কাস্টম হাউসে যথারীতি ২৪/৭ শুল্কায়ন কার্যক্রম চালু রয়েছে। এর অংশ হিসেবে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনেও শুল্কায়ন ও পণ্য খালাস কার্যক্রম সম্পন্ন করা হবে।
শরীফ মোহাম্মদ আল আমিন জানান, আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের সময় ও ব্যয় কমানো এবং বন্দরে পণ্য খালাসের গতি বাড়ানোর লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছুটির দিনেও শুল্কায়ন কার্যক্রম চালু থাকায় আমদানি পণ্য চালানের খালাস প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না। এতে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আমদানি কার্যক্রমের গতি বজায় রাখার পাশাপাশি পণ্য সরবরাহ ব্যবস্থাও সচল থাকবে।