চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৯ পিএম
আদালত ভবন, চট্টগ্রাম। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের হালিশহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামের এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে শিশুটিকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে শিশুটির মা তাকে পাশের একটি বাসায় রেখে কাজে যান। এ সময় শিশুটি একা ছিল। সুযোগ পেয়ে মজিবর মৃধা প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। পরদিন শিশুটি গোপনাঙ্গে প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে কান্নাকাটি ও চিৎকার করতে থাকে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২০১৫ সালের ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরু হয়।