প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৪ পিএম
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে হাত-পায়ের রগ কেটে আনোয়ার হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া ফরিদপুরের আলফাডাঙ্গা, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কক্সকাজারের টেকনাফে খুন হয়েছে আরও তিনজন। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ
কুমিল্লা: মুরাদনগরের বাঙ্গরা এলাকায় গভীর রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তার স্ত্রী। রবিবার ভোর রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পেন্নই দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে। তিনি শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনোয়ার মেম্বার বাড়িতে ফিরতে চাইলেও এলাকাবাসীর বাধার মুখে ফিরতে পারেননি।
নিহতের স্ত্রী মোমেনা বেগমের দাবি, আনোয়ারের কাছে ইউপি সদস্য ফিরোজ, কবির মুন্সী, জালাল ও পিন্টুরা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তিনি। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলায় পূর্বশত্রুতার জেরে রবিউল শেখ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দোকান বন্ধ করে কয়েকজনের সঙ্গে বাড়ি ফেরছিলেন রবিউল শেখ। পথিমধ্যে ওই স্কুলের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রবিউলকে দুই হাত-পা বিচ্ছিন্ন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এর আগে গত ২৬ জুন নিহত রবিউলের ভাতিজা কলেজছাত্র সুমন শেখকে (৩০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ধারণা করা হচ্ছে, ওই পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজার: টেকনাফে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল কাসেম প্রকাশ লেডু মিস্ত্রি (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামজারছড়া গ্রামের জাম্বুপাড়ায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে আবুল কাসেম ছুরিকাঘাতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জ: পাকুন্দিয়ায় মাদকের টাকা চেয়ে মাকে মারধরের ঘটনায় বাধা দিতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গেন্দু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গেন্দু মিয়া ওই গ্রামের কালাচান মিয়ার ছেলে। পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহত গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।