প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৮ পিএম
বরিশালের বাবুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের সড়ক যেন ক্রমেই হয়ে উঠছে মৃত্যুফাঁদ। প্রতিদিনই বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। শনিবার রাতে ও রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ও শিশুসহ ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
এর মধ্যে চট্টগ্রামে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া মেহেরপুরে ২ শিশু এবং নড়াইল, রংপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ
চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত সোয়া ১টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ মোরশেদ নেওয়াজ মেহেদী (২৬), তার বোন জাছিয়া ইসমে মিমতা (২০), মামা ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাস চালক হাছান মোহাম্মদ মুন্না (৪২)। তারা কক্সবাজারের ঈদগাঁ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। হতাহতরা চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি নূর আহমদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মেহেরপুর: জেলায় পৃথক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। রবিবার মুজিবনগর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে ও মাদ্রাসাছাত্র নাবিল হোসেন (১০) ও মহাজনপুর গ্রামের শিল্টন মিয়ার মেয়ে জান্নাতুল (৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে টিফিন খেয়ে সাইকেলে মাদ্রসায় যাওয়ার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাবিল হোসেন মারা যায়। সে মানিকনগর ডিএস আমানিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এছাড়া মহাজনপুরে মিনারুল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে ইজিবাইকের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত শিশু জান্নাতুলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুজিবনগর থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে।
নড়াইল: যাত্রীবাহী বাসের ধাক্কায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এ ঘটনায় মাহমুদুল হাসান অনিক নামে অপর একজন আহত হন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। সাংবাদিক কাজী আশরাফের মৃত্যুতে নড়াইলে কর্মরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল রানা জানান, মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রংপুর: রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার বৈরাতি ব্রীজ এলাকায় রবিবার ভোরে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় কুলসুম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর দক্ষিণ গোবধা এলাকার মোগর আলীর মেয়ে। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকালে পাটকেলঘাটা থানার শাকদাহ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ মোড়ল সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চুয়াডাঙ্গা: রবিবার সকালে সদর উপজেলার চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যানসহ চালক সুহান আলীকে (২২) আটক করেন। সদর থানার ওসি মারুফ রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
বরিশাল: বরিশালের বাবুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে উল্টে পড়েছে। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার সকাল ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল বিমানবন্দর থানার ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছয়মাইল এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে।