কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৬ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে গিয়ে প্রিতম এরিক (পিতু) নামে এক চালক নিখোঁজ হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে গিয়ে প্রিতম এরিক (পিতু) নামে এক চালক নিখোঁজ হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ প্রিতম এরিক দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার টমাস এরিকের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালালেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একজন যাত্রীকে নিয়ে প্রিতম কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পাড়ে টমটম ঘোরানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। এ সময় টমটমের সঙ্গে চালকও পানিতে তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ার পর প্রিতম সাহায্যের জন্য চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন দ্রুত নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাঁদের সামনেই তিনি পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা নৌকা ও অন্যান্য উপায়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে নদী থেকে টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালকের কোনও সন্ধান পাওয়া যায়নি।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। মৌলভীবাজারে আমাদের ডুবুরি দল নেই। তাই সিলেট থেকে ডুবুরি দল আসছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’