ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৬ পিএম
ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদের স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে বিদেশে পালিয়ে গেছে। তাদের শাসনামলে ‘আয়নাঘর’ নামে টর্চার সেল তৈরি করে নিরীহ মানুষকে নির্যাতন করা হয়েছে। দেশের রিজার্ভ চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রবিবার বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আয়নাঘর’ নামে কোনো টর্চার সেল ছিলÑ এ কথা দেশের মানুষ কখনও জানত না। আওয়ামী লীগ সরকার জামায়াত নেতা আহমদ বিন কাশেমকে আট বছর আটকে রেখে নির্যাতন করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অসংখ্য মানুষকে বিনা অপরাধে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এসব কারণেই ২০২৪ সালে দেশে অভ্যুত্থান হয়েছে এবং তাদের ওপর আল্লাহর গজব নেমে এসেছে।
তিনি বলেন, এত কিছু করার পরও তাদের মধ্যে অনুশোচনা নেই। তাদের শাস্তি দেওয়া হবে।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, পানিসম্পদমন্ত্রী থাকাকালে তিনিই প্রথম ভোলাকে নদীভাঙন থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছিলেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
ভারতের প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিবেশী দেশটিকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিলেও সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করতে পারেনি। ২০০৬ সালে দেশে মাদক ছিল না দাবি করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগই মাদক বিস্তারের জন্য দায়ী।
সভায় তিনি তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরসহ রাস্তাঘাট ও বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।