নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৪ পিএম
নারায়ণগঞ্জ শহরে ব্যবসায়ীকে আ. লীগের ‘অর্থদাতা’ আখ্যা দিয়ে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে দোকান মালিক সমিতির সভাপতিকে তার দোকানে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে।
গত শনিবার রাত ১০টার দিকে চাষাঢ়ায় সায়াম প্লাজার নিচতলায় ‘হাইমুন কসমেটিকস’ নামে একটি প্রসাধনী বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ৭০ বছর বয়সী হাসান ইমাম শহরের চাষাঢ়ার বাসিন্দা। তিনি জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি এবং সায়াম প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি।
মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মহানগর বিএনপির নেতা আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একদল যুবক দোকানটিতে ঢোকেন। তারা হাসান ইমামকে চড়-থাপ্পড় মারছেন বলেও ভিডিওতে দেখা যায়।
এ ঘটনার সময় দোকানেই ছিলেন হাসান ইমামের ছোট ভাই জুয়েল। তিনি বলেন, টিপুর নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী দোকানটিতে আসেন। পরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে দোকানেই হাসানকে মারধর করেন টিপু ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা।
এদিকে মারধরের ঘটনার পর হাসান ইমাম রাতে আরও অসুস্থ হয়ে পড়েন বলে জানান তার ছেলে হাইমুন হাসান। এ ঘটনায় তারা আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন বলে জানান।
এদিকে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দাবি করেন, হাসান ইমাম আওয়ামী লীগের সরাসরি কোনো কমিটিতে না থাকলেও সে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির একজন অর্থ জোগানদাতা।
মারধরের বিষয়ে টিপু বলেন, সে গুলশানের মতো আরেকটা মিছিল নারায়ণগঞ্জে করার জন্যও ফান্ডিং করেছে। এমন খবর পেয়ে আমি ও কয়েকজন দোকানে গিয়েছিল। সেখানে উত্তেজনাবশত কয়েকজন তাকে চড়-থাপ্পড় দিয়েছে সত্য।
মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দেখেছেন বলে জানান সদর মডেল থানা পুলিশের ওসি সাজেদুর রহমান। তবে এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।