নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪১ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। রবিবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।
রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সাজা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ। তিনি বলেন, রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার আসামি বাবুল সাহা জীবন ও কাওছার পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট বিকাল ৪টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকার আদর্শ স্কুলের উত্তর পাশে নির্মাণাধীন ‘মায়ের আঁচল’ নামে ১২ তলা ভবনের সপ্তমতলায় শুভ্রকে ডেকে নেয় আসামিরা। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তার মাথার পেছনে ও থুতনির নিচে আঘাত করা হয়। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর নিহত শুভ্রর বাবা শাহাদাত হোসেন শিকদার বাদী হয়ে ফতুল্লা থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেনÑ বাবুল সাহা জীবন, নাজমুল ইসলাম, সঞ্জয় দাস ওরফে মনা, মিলন, বশির, সমীর ও কাওছার।