প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩২ পিএম
নিহত রাকিবুজ্জামান রকি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পদ্মার বুকে বন্ধুদের সাথে গান-আড্ডা আর হাসিখুশির ভ্রমণÑ মুহূর্তের ব্যবধানেই যা রূপ নিল এক চিরন্তন ট্র্যাজেডিতে। উত্তাল পদ্মার গাঢ় জলে হারিয়ে যাওয়ার দীর্ঘ ৪০ ঘণ্টা পর উদ্ধার হলো শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকির মরদেহ।
রবিবার সকাল ৯টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার আকাতের ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় পদ্মার স্রোতে নিখোঁজ থাকা এই তরুণ ছাত্রনেতার মরদেহ। রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব এবং পৌর এলাকার কবিরপুর গ্রামের মৃত হাসানুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সকালে শৈলকুপার কাতলাগড়ী ঘাট থেকে মোট ১২৩ জনের একটি দল বাল্কহেডে চড়ে কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত হযরত সোলাইমান শাহের (র.) মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। দিনভর হাসি-আনন্দে সময় কাটিয়ে রাতের আঁধারে তারা নদীর পথ ধরে বাড়ি ফিরছিলেন। কিন্তু রাত ৯টা ১০ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছলে পদ্মার প্রচণ্ড স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারের সাথে সজোরে আছড়ে পড়ে। বিকট শব্দে বাল্কহেডের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে মুহূর্তে নদীতে পড়ে যান ছাত্রদল নেতা রকি, লিটন কুমার দাস ও আব্দুল ওহাব নামের তিন যাত্রী। এ দুর্ঘটনায় লিটন ও আব্দুল ওহাব বেঁচে ফিরলেও রকি নিখোঁজ ছিলেন।