ইফতেখার মাশরুর গালিব, খোকসা (কুষ্টিয়া)
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৭ পিএম
কুষ্টিয়ার খোকসা উপজেলাধীন গড়াই নদীর ওপর বহুল কাঙ্ক্ষিত ‘খোকসা গড়াই সেতু’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের আড়াই বছরের বেশি সময় পার হলেও এখনও দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুষ্টিয়ার খোকসা উপজেলাধীন গড়াই নদীর ওপর বহুল কাঙ্ক্ষিত ‘খোকসা গড়াই সেতু’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের আড়াই বছরের বেশি সময় পার হলেও এখনও দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি।
২০২৪ সালে প্রায় ২৭৮ কোটি টাকা ব্যয়ে ৯৫০ মিটার দীর্ঘ এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর ফলে নদী দ্বারা বিভক্ত এলাকার লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন।
বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে ধু-ধু বালুচর পাড়ি দিয়ে বছরের পর বছর খোকসা উপজেলা শহরে যাতায়াত করছেন গড়াই নদীর ওপারের ১১টি গ্রামসহ ঝিনাইদহের শৈলকুপা-সদর ও মাগুরা জেলার শ্রীপুর ও সদর উপজেলাসহ আশপাশের এলাকার মানুষ। সেতু নির্মাণ হলে এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবেÑ এমন প্রত্যাশায় ছিলেন তারা।
তবে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আড়াই বছর পেরিয়ে গেলেও নির্মাণকাজ শুরু না হওয়ায় হতাশা বাড়ছে স্থানীয়দের মধ্যে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় জরুরি রোগী ও গর্ভবতী নারীদের নিয়ে। বিশেষ করে রাতে নদী পার হয়ে দ্রুত হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, জরুরি প্রয়োজনে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে না পারায় অনেক সময় রোগীর স্বজনদের চরম দুর্ভোগে পড়তে হয়।
শিক্ষার্থীদেরও প্রতিদিন নদী পার হয়ে স্কুল-কলেজে যেতে হয়। ভ্যানসহ বিভিন্ন যানবাহনে নদী পারাপারে তাদের গুনতে হয় অতিরিক্ত ভাড়া।
স্থানীয়দের দাবি, দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে সেতুটির নির্মাণকাজ শুরু করা হোক। তাদের মতে, সেতুটি নির্মিত হলে গড়াই নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি আশপাশের কয়েকটি জেলার সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে বদলে যেতে পারে পুরো এলাকার অর্থনৈতিক চিত্র।
কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, প্রকল্পটি বর্তমানে পরামর্শক নিয়োগের পর্যায়ে রয়েছে। পরামর্শক নিয়োগ ও চূড়ান্ত নকশার কাজ চলছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে সেতু নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে।
দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন এখনও দেখছেন গড়াই নদীর ওপারের মানুষ। তাদের প্রত্যাশা, প্রতিশ্রুতি ও ভিত্তিপ্রস্তরের মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার দ্রুত দৃশ্যমান হবে বহু প্রতীক্ষিত গড়াই সেতুর নির্মাণকাজ।