আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯ পিএম
বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার ছোট নীলগঞ্জে রবিবার বেলা সাড়ে ১১টায়।
জানা গেছে, আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ এলাকার আবুল হোসেন গাজী ও রুস্তম হাওলাদারের মধ্যে তিন একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রুস্তম হাওলাদার ভাড়াটে সন্ত্রাসী এনে ওই জমি চাষাবাদ করতে আসে। এ সময় আবুল হোসেন গাজীর লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রুস্তম হাওলাদারের ভাড়াটে সন্ত্রাসী আব্দুর রব গাজী, ফয়সাল গাজী ও হানিফ সিকদারের নেতৃত্বে আবুল হোসেন গাজীর লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দফায় দফায় উভয় পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়।
গুরুতর আহত আবুল হোসেন গাজী (৫০), খোকন (৩৫), মহসীন গাজী (২৮), জলিল গাজী (৪৪), জাহিদুল (৩৫), আখিনুর (৩০), সোনিয়া (৩৫), সোহেল মোল্লা (৪০), ফয়সাল (২৫), মাহবুবুর রহমান (৩২), ইমরান (২৪), সাইদুল গাজী (৪০), আমিনুল ইসলাম (১৬), দুলাল মুসুল্লী, (৫৫), লুৎফর (৫৫), রুস্তম হাওলাদার (৭৫), পাশা হাওলাদারকে (৪৫) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে খোকন, সোহেল মোল্লা, জলিল গাজী, আখিনুর, রুস্তম হাওলাদার ও মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
আহত আবুল হেসেন গাজী বলেন, আমার পৈতৃক জমি রুস্তম হাওলাদার জোরপূর্বক ভাড়াটে সন্ত্রাসী এনে চাষাবাদ করছিল। এতে বাধা দিলে আমার পক্ষের ১৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে। তিনি আরও বলেন, এই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রুস্তম হাওলাদার ভাড়াটে সন্ত্রাসী এনে জমি চাষাবাদ করতে আসে। আমি এ ঘটনার বিচার চাই।
রুস্তম হাওলাদারের ছেলে পাশা হাওলাদার বলেন, জমিতে চাষাবাদ করতে গেলে আবুল হোসেন গাজী ও তার লোকজন বাধা দেয়। এতে আমার পক্ষের সাতজন আহত হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, আহতদের ষথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।