বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৫ পিএম
মোল্লাহাট থানা। ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলোÑ দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) ও মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। তারা সম্পর্কে চাচাতো বোন এবং স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার এসআই প্রসেন কুমার সানা জানান, গতকাল সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে পরিবারের কাউকে না জানিয়ে লামিয়া ও সামিয়া বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায়। দুজনের কেউই সাঁতার জানত না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে কোনো একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।
এসআই বলেন, সকাল ৮টার দিকে এক প্রতিবেশী মাছের ঘেরে সামিয়ার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা লামিয়াকে বাড়িতে না পেয়ে ঘেরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় লামিয়াকে উদ্ধার করা হয়। পরে দুজনকে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।