নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০ পিএম
নেছারাবাদ উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী কার্ড করতে গিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী কার্ড করতে গিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে।
অনলাইন আবেদন, ফরম পূরণ ও জমা দেওয়া থেকে শুরু করে কার্ড হাতে পাওয়া পর্যন্ত ধাপে ধাপে দালালকে টাকা দিতে হয় বলে অভিযোগ করেছেন একাধিক সেবাগ্রহীতা।
রবিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে এসে ফরম জমা দিতে না পেরে এমন অভিযোগ করেন সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামের সাহানা নামে এক নারী। তার অভিযোগ, তাদের এলাকার হাফিজা আক্তার নামে এক নারী এলাকায় ঘুরে ঘুরে প্রতিবন্ধী কার্ড করে দেন। অভিযোগকারী জানান, তার প্রতিবন্ধী ছেলের কার্ড করার জন্য হাফিজা আক্তারকে অনলাইন আবেদন বাবদ প্রথমে পাঁচশ টাকা দেন। প্রায় দুই সপ্তাহ পর হাফিজা একটি ফরম এনে সেটি অফিসে জমা দেওয়ার পর আরও ২ হাজার টাকা দাবি করেন। কার্ড পাওয়ার পর আরও ২ হাজার টাকা দিতে হবে বলেও তাকে জানানো হয় বলে অভিযোগ ভুক্তভোগী সাহানা বেগমের।
তিনি বলেন, তার স্বামী করাতকলে সামান্য বেতনে কাজ করেন। অতিরিক্ত টাকা দিতে না পারায় তিনি নিজেই উপজেলা সমাজসেবা কার্যালয়ে এসে সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী রেহানাকে বিষয়টি জানান। তার দাবি, একই এলাকা থেকে আরও কয়েকজনের কাছ থেকেও ফরম জমা দেওয়ার জন্য পাঁচশ টাকা এবং পরে ২ হাজার টাকা করে নিয়েছে হাফিজা।
অভিযোগকারীর দাবি, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগমের স্বামীর সঙ্গে কথিত দালাল হাফিজা আক্তারের সখ্য রয়েছে। টাকা দেওয়া ব্যক্তিদের প্রতিবন্ধী কার্ড পেতে তেমন বেগ পেতে হয় না বলেও অভিযোগ করেন তিনি।
রবিবার সরেজমিন কার্যালয়ে গিয়ে কথিত দালাল হাফিজা আক্তারকে না পাওয়া গেলেও আকলিমা নামে আরেক নারী দালালকে বেশ কয়েকটি প্রতিবন্ধী কার্ডের ফরমের কাগজসহ দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি। পরে ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগমের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সঙ্গে থাকা তার স্বামী সে অসুস্থ বলে কথা বলতে নিষেধ করেন। একপর্যায়ে রেহানা বেগম তার স্বামীকে অফিস থেকে চলে যেতে বললে তিনি বেরিয়ে যান।
অভিযোগ অস্বীকার করে রেহানা বলেন, আমি কোনো দালালকে চিনি না। অফিসে এসে ফরম জমা দিলেই স্যারের নির্দেশ অনুযায়ী কাজ করি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালাউদ্দীন বলেন, আমি নতুন এসেছি। অফিসের কাজে একটু বাইরে আছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব। প্রতিবন্ধী ফরম পূরণসহ কার্ড পেতে অফিসে কোনো টাকা লাগে না।