সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩১ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর চরপুক্ষিয়া গ্রামে গর্ভে থাকতেই ৪ সন্তান বিক্রির অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গর্ভে থাকা অবস্থাতেই ঠিক হয়ে যায় সন্তানের দাম। জন্মের পর টাকার বিনিময়ে তাকে তুলে দেওয়া হয় অন্যের হাতে। কখনো ৬০ হাজার, কখনো দেড় লাখ, আবার কোনো কোনো ক্ষেত্রে দুই লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়। আর এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর চরপুক্ষিয়া গ্রামে।
ওই গ্রামের কয়েকটি পরিবারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে নিজ সন্তানদের বিক্রির অভিযোগ উঠেছে। মাদকের ভয়াল ছোবাল ও অভিভাবকের দারিদ্র্যতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র এই ধরনের হীন কাজ করে আসছে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু স্থানীয়দের উত্থাপিত সব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে সম্প্রতি ওই গ্রামের এক নবজাতককে টাকার বিনিময়ে অন্যের কাছে হস্তান্তরের অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। সেইসঙ্গে এসব শিশু হস্তান্তরের পেছনে দারিদ্র্য, মাদকাসক্তি, পারিবারিক সিদ্ধান্ত নাকি কোনো সংঘবদ্ধ মধ্যস্থতাকারী বা চক্র কাজ করছেÑ তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী ফারজানা তার নবজাতক ছেলেকে ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। জাকিরের অভিযোগ, তার অজান্তে স্ত্রী ফারজানা, শাশুড়ি ও আরও দুজনের মাধ্যমে নবজাতককে বিক্রি করে দেওয়া হয়েছে। তবে স্বামীর এই অভিযোগ অস্বীকার করে ফারজানা আক্তার বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সংসারে নানা সংকট তৈরির জন্য তিনিই দায়ী। সন্তান অন্যের কাছে দেওয়ার বিষয়েও জাকিরের সম্মতি ছিল। এখন তাকে ফাঁসাতে জাকির থানায় অভিযোগ করেছেন বলে দাবি করেন ফারজানা।
স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া বলেন, ফারজানা সন্তান জন্মের আগেই শিশুটিকে অন্যের কাছে দেওয়ার কথা বলেছিলেন। গর্ভে থাকা অবস্থাতেই সন্তান অন্যের কাছে দেওয়ার বিষয়ে এলাকায় আলোচনা হয়েছিল। তখন কিছু টাকা নেওয়ার কথাও তিনি শুনেছিলেন। পরে সন্তান জন্মের পর সেটি অন্যের কাছে দেওয়া হয়েছে বলে জানতে পারেন।
উত্তর চরপুক্ষিয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছরে শুধু জাকির-ফারজানা দম্পতির শিশুই নয়, আরও কয়েকটি শিশুকে টাকার বিনিময়ে অন্যের কাছে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দার দাবি, জাকির-ফারজানার নবজাতককে ৬০ হাজার টাকায়, সাদ্দাম হোসেনের এক সন্তানকে দেড় লাখ টাকায় এবং জাকির হোসেন ও আসাদ মিয়ার দুটি সন্তানকে গর্ভে থাকতেই দুই লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। এক থেকে তিন বছরের মধ্যে এসব ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের ক্ষেত্রে কোনো লিখিত নথি, লেনদেনের প্রমাণ বা শিশুদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য স্থানীয়রা দেখাতে পারেননি। ফলে অভিযোগগুলো কতটা সত্য, তা এখনো তদন্তসাপেক্ষ।
শিশুদের অন্যের কাছে তুলে দেওয়ার অভিযোগের সঙ্গে স্থানীয়ভাবে মাদকের বিষয়টিও সামনে এসেছে। স্থানীয়দের একটি অংশের দাবি, উত্তর চরপুক্ষিয়া এলাকায় মাদকের বিস্তার রয়েছে। কয়েকটি পরিবার মাদকের কারণে অর্থনৈতিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের অভিযোগ, মাদক কেনার টাকা জোগাড় করতেই কোনো কোনো পরিবার সন্তানকে অন্যের কাছে তুলে দিয়েছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, কথিতভাবে অন্যের কাছে তুলে দেওয়া শিশুদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, প্রথমে যেসব পরিবারের কাছে শিশুদের দেওয়া হয়েছিল, তাদের কেউ কেউ পরবর্তীতে আরও বেশি টাকার বিনিময়ে অন্যত্র শিশুগুলো হস্তান্তর করে থাকতে পারেন। এমন অভিযোগ সত্য হলে শিশুদের নিরাপত্তা, বর্তমান অবস্থান এবং আইনগত অভিভাবকত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম বলেন, উত্তর চরপুক্ষিয়া গ্রামে মাদকের ছোবল রয়েছে। বিভিন্ন সময়ে চারটি শিশু সন্তান অন্যের কাছে তুলে দেওয়ার কথা তিনিও শুনেছেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক ও প্রশাসনিক সহযোগিতা নিয়ে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে শিশুদের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা দরকার।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, উত্তর চরপুক্ষিয়া গ্রামে দারিদ্র্য ও মাদকের টাকা জোগাড় করতে সন্তানদের টাকার বিনিময়ে অন্যের কাছে তুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে মাদকের টাকা জোগাড় করতে সন্তান বিক্রি করা হয়েছে, নাকি দত্তক হিসেবে শিশুদের অন্যের কাছে দেওয়া হয়েছে—সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, জাকির নামে একজনের নবজাতক সন্তানকে টাকার বিনিময়ে অন্যের কাছে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় মাদক নির্মূলে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
কিশোরগঞ্জ জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি অ্যাডভোকেট এ.এম. সাজ্জাদুল হক বলেন, অর্থের বিনিময়ে শিশু অন্যের কাছে হস্তান্তর বা পাচারের ঘটনা প্রমাণিত হলে মানব পাচার আইনে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। সংঘবদ্ধভাবে মানব পাচারের ঘটনা প্রমাণিত হলে রয়েছে আরও কঠোর শাস্তি।
মানবাধিকারকর্মী সালাহ উদ্দিন বলেন, নিজের সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করা অত্যন্ত গুরুতর অভিযোগ। শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, ধর্মীয় ও সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমেও এ ধরনের অপরাধ প্রতিরোধ করতে হবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।