চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২২ পিএম
বিদ্যুৎ প্লান্টের বিষাক্ত বর্জ্যে ফসলিজমির ব্যাপক ক্ষতির প্রতিবাদে মানববন্ধন করেন কৃষকরা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সাতকানিয়ার দোহাজারী-কালিয়াইশ ১০০ মেগাওয়াট পিকিং প্লান্টের অপসারিত বিষাক্ত বর্জ্যে পার্শ্ববর্তী ফসলিজমির ব্যাপক ক্ষতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।
উপজেলার কালিয়াইশ পাওয়ার প্লান্টের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শনিবার বিকালে এ কর্মসূচি পালন করা হয়।
কৃষকদের অভিযোগ, প্লান্টে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের বর্জ্য মল্ল্যাখালে ফেলায় খালের পানি বিষাক্ত হয়ে পড়েছে। ওই পানি দিয়ে সেচ করায় ধান, সবজিসহ বিভিন্ন ফসলের গোড়া পচে যাচ্ছে।
এতে কালিয়াইশের মল্ল্যার বিল, মলেয়াবাদ, রসুলাবাদ ও নতুন চাগাচর এলাকার প্রায় ১৩ হাজার একর দো-ফসলি জমি অনাবাদি হয়ে পড়েছে। প্রায় দেড় হাজার কৃষক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ তাদের।
বিভিন্ন জায়গায় আবেদন করেও প্রতিকার পাননি বলে দাবি করে কৃষক লেয়াকত আলী, জুনু মিয়া, মো. ইদ্রিসসহ অনেকের অভিযোগ, বর্জ্যের কারণে খালের পানি কালো ও তৈলাক্ত হয়ে যায়। এ পানি সেচের পর জমিতে হলুদ ঘাস জন্মায়।
এ বিষয়ে ১০০ মেগাওয়াট পিকিং প্লান্টের ব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, “আমাদের প্লান্ট থেকে বর্জ্য বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে কৃষকদের দাবীর ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।”
মানববন্ধনে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি শেষ হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, কৃষকদের দাবি নিঃসন্দেহে যৌক্তিক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি আছে।