খুলনা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ১৭:৩৪ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ১৭:৪৩ পিএম
খুলনার আড়ংঘাটায় পাটের ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পাই। পরে খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানা ও সদর ফায়ার সার্ভিস স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গোডাউনে পাটের ঝুট বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগেছে। এখন আগুন নিয়ন্ত্রণে।’
তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। বলেন, ‘তদন্তের পর জানা যাবে কী কারণে আগুন লেগেছে ও তাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে।’