নাছরুল্লাহ আল-কাফী, পিরোজপুর
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২১ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯ পিএম
অর্জনের স্মারক সামনে নিয়ে পিরোজপুরের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ইছা আল মাহিম। পিরোজপুরের পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, গল্প বলা, অভিনয়, গান, নৃত্য ও উপস্থাপনায় সমান পারদর্শী সে। মাত্র ১১ বছর বয়সেই জাতীয় পর্যায়ে দুটি স্বর্ণপদকসহ চারটি পুরস্কার অর্জন করে বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছে পিরোজপুরের কুমারখালী এলাকার এই শিশুটি।
চলতি বছরই প্রাথমিক শিক্ষা পদকে আবৃত্তি ও গল্প বলায় জাতীয় পর্যায়ে দেশসেরা হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে দুটি স্বর্ণপদক গ্রহণ করেছে সে। এর আগে গত বছর একই প্রতিযোগিতায় অভিনয়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় পুরস্কার অর্জন এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় আবৃত্তিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে মাহিম।
সাফল্যের কথা জানাতে গিয়ে মাহিম বলে, ছোটবেলা থেকেই আমার আলাদা একটা টান ছিল যে আমি একদিন বড় একটা প্লাটফর্মে গিয়ে দাঁড়াব। এরই ধারাবাহিকতায় গত বছর বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নতুন কুঁড়িতে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় হয়েছিলাম এবং এ বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে কবিতা আবৃত্তি ও অভিনয়ে প্রথম হয়েছি। মা আমাকে বলত যে, তোমার একটা স্বর্ণপদক আনতে হবে, আমি তাকে দিয়েছি দুটি। আমি আন্তর্জাতিক পর্যায়ে প্রোগ্রামে যাব এবং আমার দেশের জন্য সম্মান বয়ে আনব।
মাহিমের মা মোসা. রুমি আক্তার বলেন, আমার ছেলের এই অর্জনে খুব ভালো লাগে। আমার স্বপ্ন আমার ছেলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে এবং ভালো মনের মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণ করবে।
মাহিমের সহপাঠী সামিয়া সুলতানা বলে, লেখাপড়ায় ভালো মনোযোগী মাহিম জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেÑ এটা জেনে আমরা খুবই আনন্দিত। মাহিমের গৃহশিক্ষক ও স্থানীয় বাসিন্দা মো. আবু সালেহ বলেন, ছোটবেলা থেকেই মাহিম লেখাপড়ায় যেমন আগানো; তেমনি আবৃত্তি, অভিনয় ও খেলাধুলায়ও পারদর্শী। তার এই দক্ষতা দেখে সকলেই প্রশংসা করছেন।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন, মাহিমের এই সাফল্য উপজেলাবাসীর জন্য আনন্দ ও গর্বের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার স্কুলের শিক্ষক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে তাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদ বলেন, মাহিমের মতো একজন প্রতিভাবান ও কৃতী শিক্ষার্থীর অসাধারণ সাফল্য নিঃসন্দেহে পিরোজপুরের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার এই অর্জনের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।