× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা, গ্রেপ্তার ৩ শিক্ষক

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৭ পিএম

গ্রেপ্তার হওয়া মাদ্রাসারা এক শিক্ষক এবং এক শিক্ষার্থীর পায়ে গরম খুন্তির ছ্যাঁকার চিহ্ন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তার হওয়া মাদ্রাসারা এক শিক্ষক এবং এক শিক্ষার্থীর পায়ে গরম খুন্তির ছ্যাঁকার চিহ্ন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর মহানগরের গাছা থানার পশ্চিম ঝাঝড় (সাক্রাউরী) এলাকায় দুই মাদ্রাসাছাত্রকে মারধরের পর গরম লোহার খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক ও পরিচালকের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীর পরিবারের করা পৃথক মামলায় মাদ্রাসার পরিচালকসহ তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রব্বানী শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ধোবাউড়া থানার চরমুহুরী গ্রামের মাওলানা রইছ উদ্দিন আহাম্মদের ছেলে মাওলানা শোয়াইব হোসেন (২৬), ত্রিশাল থানার বরমা গ্রামের ওয়াদুদের ছেলে মাদ্রাসার শিক্ষক মো. হাবিবুর রহমান (২৬) এবং শেরপুরের শ্রীবরদী থানার ভাইডাঙ্গা গ্রামের শাহিন (১৯)।

শোয়াইব হোসেন আল-মাদরাসাতু দারুত তাকওয়া গাজীপুরের পরিচালক ও শিক্ষক। হাবিবুর রহমান ও শাহিন ওই মাদ্রাসার শিক্ষক।

নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী হলো কিশোরগঞ্জের নিকলী থানার সিংপুর গ্রামের নাজমুল মিয়ার ছেলে মো. বায়েজীদ (১৩) এবং শেরপুরের ঝিনাইগাতী থানার বানিয়াপাড়া গ্রামের মো. লাল মিয়ার ছেলে বোরহান আলী (১৩)। তারা ওই মাদ্রাসার শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকালে মাদ্রাসার মাঠে খেলাধুলার সময় এক শিক্ষার্থীর পায়জামা অসাবধানতাবশত খুলে যাওয়াকে কেন্দ্র করে বায়েজীদকে মারধর করেন মাদ্রাসার পরিচালক শোয়াইব আহাম্মদ।

একপর্যায়ে তাকে উলঙ্গ করে বাঁশের কঞ্চি দিয়ে মারধর এবং গরম লোহার খুন্তি দিয়ে নিতম্বে ছ্যাঁকা দেওয়ার  কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে একই ঘটনায় বোরহান আলীকেও একটি কক্ষে আটকে মুখে স্কচটেপ লাগিয়ে হাত-পা দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তার বাবা লাল মিয়া।

অভিযোগ অনুযায়ী, শোয়াইব হোসেন গরম লোহার খুন্তি দিয়ে বোরহানের তলপেটে ছ্যাঁকা দেন। পরে হাবিবুর রহমান ও শাহিন তার উরু, নিতম্বসহ শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি দিয়ে জখম করেন।

বায়েজীদের বাবা নাজমুল মিয়া জানান, গত ১০ সেপ্টেম্বর রাতে ছেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর তিনি দেখতে পান, বায়েজীদ স্বাভাবিকভাবে হাঁটতে ও বসতে পারছে না। কারণ জানতে চাইলে ছেলে নিতম্বে ফোঁড়া হয়েছে বলে জানায়। পরে ওষুধ লাগাতে গিয়ে পোড়ার স্পষ্ট দাগ দেখতে পান তিনি।

বোরহানের বাবা জানান, ১১ সেপ্টেম্বর রাতে ছেলেকে দেখতে মাদ্রাসায় গেলে তাকে অন্য শাখায় পাঠানো হয়েছে বলে জানানো হয়। পরে অন্য শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারেন, গুরুতর আহত অবস্থায় বোরহানকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেখানে গিয়ে তিনি ছেলেকে চিকিৎসাধীন ও আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান বলেও জানান তিনি।

ওসি গোলাম রব্বানী জানান, বায়েজীদের পরিবারের মামলায় শোয়াইব হোসেনকে শুক্রবার গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

বোরহানের বাবার করা মামলায় শনিবার হাবিবুর রহমান ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। তাদের রবিবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা