চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৬ পিএম
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। ছবি: ভিডিও থেকে
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার সকাল সাড়ে ৯টায় সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান শুরু হয়।
কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।
তিনি বলেন, “আমরা আর একটি প্রাণও হারাতে চাই না। হাসপাতালের শয্যা বাড়াতে পারি, চিকিৎসাসুবিধা দিতে পারি, কিন্তু একটি জীবন চলে গেলে তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়।”
পরিচ্ছন্নতাকে নাগরিক দায়িত্ব হিসেবে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ পরিষ্কার রাখা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। এটি সবার দায়িত্ব। পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে।
অভিযানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম-ওলামা, স্কাউট, গার্ল গাইড, পরিবেশসচেতন সংগঠনের সদস্য ও তরুণরা অংশ নেন।
জেলা প্রশাসন জানায়, গত ২৫ জুলাই থেকে প্রতি শনিবার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চলছে। প্রথম দিনের অভিযানে প্রায় ৬ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়ে ১৩৫ টন ময়লা-আবর্জনা অপসারণ করেন।
পরে পুকুর-জলাশয়, পতেঙ্গা সমুদ্রসৈকত ও কালুরঘাটের জিয়া স্মৃতি কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এরই মধ্যে প্রায় ১ হাজার ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানও কর্মসূচির আওতায় এসেছে।