কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩ পিএম
কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে দুই পাচারকারী সটকে পড়ে।
উখিয়ার পালংখালী সীমান্তের রিজভীর ঘের এলাকায় শনিবার ভোরে অভিযান
চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল
ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোরের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী
বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী রিজভীর ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার
থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ
করেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি তাদের হাতে থাকা দুটি পলিব্যাগ
ঘেরের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখানে তল্লাশি
চালিয়ে পলিব্যাগ দুটি উদ্ধার করেন।
পলিব্যাগের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট এক লাখ ইয়াবা পাওয়া
যায়।
অধিনায়ক আরও বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের
শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি
চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।