কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২১ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২২ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর চরপুক্ষিয়া গ্রামে মাদকের টাকার জন্য নবজাতক বিক্রি, বিষয়টি নিয়ে কটিয়াদীর গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামে গত তিন বছরে পাঁচটি সন্তানকে টাকার বিনিময়ে অন্যের কাছে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।
সর্বশেষ গত ২ সেপ্টেম্বর জন্ম নেওয়া এক নবজাতককে ৬০
হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি
হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত ৬ সেপ্টেম্বর কটিয়াদী
মডেল থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা জাকির হোসেন। তার অভিযোগ, স্ত্রী
ফারজানা আক্তার, শাশুড়ি ও সহযোগীদের মাধ্যমে তার অজান্তে মাত্র একদিন বয়সি
শিশুটিকে অন্যের কাছে তুলে দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ফারজানা আক্তার। তার
দাবি, বরং তার স্বামীই সন্তান বিক্রির জন্য লোক খুঁজছিলেন এবং প্রতিবেশী মঙ্গলা
বেগমের মাধ্যমে ক্রেতার সন্ধান পাওয়ার পর সন্তান বিক্রির ঘটনা ঘটে। এ সময় তিনি
অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন বলেও দাবি করেন ফারজানা।
অভিযোগকারী জাকির হোসেন বলেন, তাদের সংসারে আগে
থেকেই দুই ছেলে সন্তান রয়েছে। গত ২ সেপ্টেম্বর তাদের আরেকটি ছেলে সন্তান জন্ম নেয়।
কিন্তু জন্মের পর পরই শিশুটিকে ৬০ হাজার টাকার বিনিময়ে পাকুন্দিয়া উপজেলার মঠখোলা
এলাকায় নিয়ে যাওয়া হয় বলে তিনি জানতে পারেন।
জাকিরের দাবি, তিনি নিজের সন্তানকে দেখতে পারেননি। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে যাদের কাছে দেওয়া হয়েছিল বলে জানতে পারেন, সেখানে কাউকে পাননি। তার আশঙ্কা, শিশুটিকে আরও বেশি টাকায় অন্য কোথাও হস্তান্তর করা হয়ে থাকতে পারে।
অন্যদিকে, ফারজানা আক্তার বলেন, তার স্বামী দীর্ঘদিন
ধরে মাদকাসক্ত এবং সংসারের আর্থিক সংকটের জন্য তিনিই দায়ী। ফারজানার দাবি, গর্ভবতী
হওয়ার পর থেকেই জাকির সন্তান বিক্রির জন্য লোক খুঁজছিলেন।
প্রতিবেশী মঙ্গলা বেগমের মাধ্যমে একজন ক্রেতার
সন্ধানও পাওয়া যায়। সন্তান জন্মের সময় তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে,
তার মা ও মঙ্গলা বেগমকে ফাঁসাতে জাকির থানায় অভিযোগ করেছেন।
স্থানীয়দের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত তিন বছরে উত্তর চরপুক্ষিয়া গ্রামের আরও কয়েকটি পরিবার তাদের সন্তানকে অর্থের বিনিময়ে নেশার টাকার জন্য অন্যের কাছে তুলে দিয়েছে।
জজ মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের দুই স্ত্রীর ঘরে জন্ম
নেওয়া দুটি শিশুকে যথাক্রমে ১ লাখ ৫০ হাজার ও ২০ হাজার টাকায়, আসাদ মিয়ার ছেলে
জাকির হোসেনের এক সন্তানকে ৭৭ হাজার টাকায় এবং মফিজ উদ্দিনের ছেলে আসাদ মিয়ার এক
সন্তানকে ২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এসব শিশুকে প্রথমে এক ব্যক্তির কাছে দেওয়ার পর
পরবর্তী সময়ে বেশি দামে অন্যত্র হস্তান্তর করা হয়ে থাকতে পারে। ফলে শিশুদের
বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
গ্রামবাসীর অভিযোগ, উত্তর চরপুক্ষিয়ার কয়েকটি পরিবার
দীর্ঘদিন ধরে দরিদ্র ও মাদক সমস্যায় জর্জরিত। তাদের দাবি, মাদকের টাকা জোগাড় করতে
সন্তান বিক্রির মতো ভয়াবহ ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম ফারুক বলেন, একটি
সন্তানকে মানুষ করতে বাবা-মাকে কত ত্যাগ স্বীকার করতে হয়। অথচ মাদকের টাকার জন্য
সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
আরেক বাসিন্দা জামাল উদ্দিন বলেন, মাত্র কয়েক বছরের
ব্যবধানে একই এলাকায় একাধিক শিশুকে বিক্রির অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক
তৈরি হয়েছে।
স্থানীয়রা মনে করেন, বিষয়টি শুধু একটি পরিবারের
অভ্যন্তরীণ বিরোধ নয়; এর সঙ্গে শিশুদের নিরাপত্তা, মানবপাচারের আশঙ্কা এবং মাদক
সমস্যার মতো গুরুতর বিষয় জড়িত থাকতে পারে। অভিযোগ প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট
কয়েকটি পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জাকির হোসেনের ছোট ভাই মোহাম্মদ রাসেল বলেন, তার ভাই
আগে কখনো বিড়ি-সিগারেটও খেতেন না। প্রবাস থেকে ফিরে আসার পর তার মাদকাসক্ত হওয়ার
কথা জানতে পারেন। তার ভাষ্য, অভিযুক্ত যে-ই হোক, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া
প্রয়োজন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শিশু বিক্রির অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।