ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৮ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
‘তুই কোথায় যাস, কখন বাসা থেকে বের হস, কয়টায় চেম্বারে ঢুকিসÑ সব আমাদের জানা। টাকা না দিলে তোর চেম্বারে রোগী সেজে ঢুকে তোকে গুলি করে মেরে ফেলব। ১০০ পুলিশ দিয়ে ঘিরে রাখলেও তোকে বাঁচাতে পারবে না। পরিবারের কাছ থেকে মাফ চেয়ে নিস।’
বিদেশি
নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসা এমন নিখুঁত ও রোমহর্ষক খুনের হুমকিতে যেকোনো সাধারণ মানুষেরই
রক্ত হিম হয়ে যাওয়ার কথা। চট্টগ্রামের হাটহাজারীর চিকিৎসক এমওয়াইএফ পারভেজের ক্ষেত্রেও
ঠিক এমনটিই ঘটেছিল। প্রথমে ১০ লাখ, পরে সেই চাঁদার অঙ্ক গিয়ে ঠেকে ২০ লাখে। তবে ভয়
পেয়ে গুটিয়ে যাননি এই চিকিৎসক; সাহসিকতার সঙ্গে দ্বারস্থ হন পুলিশের। আর তাতেই বেরিয়ে
আসে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের এক চাঞ্চল্যকর ও ভয়ংকর তথ্য। শীর্ষসন্ত্রাসীদের নাম
ভাঙিয়ে তাদেরই শিষ্যরা গড়ে তুলেছে করপোরেট স্টাইলের এক চাঁদাবাজ ও খুনি চক্র, যাদের
সবাই কাজ করে নির্দিষ্ট মাসিক বেতনের ভিত্তিতে!
মৃত্যুর
ফাঁদ
ঘটনার
শুরু গত ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৫৪ মিনিটে। হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের
বাসিন্দা এবং আমান বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক পারভেজের সিরিয়াল লেখার
নম্বরে একটি বিদেশি নম্বর থেকে কল আসে। কল রিসিভ করেন তার সহকারী হ্যাপি বড়ুয়া। অপর
প্রান্তের ব্যক্তি নিজেকে চট্টগ্রামের শীর্ষসন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ পরিচয় দিয়ে চিকিৎসকের
কাছে ২৪ ঘণ্টার মধ্যে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর শুরু হয় হোয়াটসঅ্যাপে মেসেজ
ও অডিওবার্তার মাধ্যমে একের পর এক হুমকি। একপর্যায়ে হুমকি দিয়ে বলা হয়, ‘আমি রায়হান।
তুই চিনিস না? বেয়াদবি করছিস, এখন ১০ লাখের বদলে ২০ লাখ টাকা দিতে হবে।’
মাসিক
বেতনের খুনিচক্র
চিকিৎসক
পারভেজ ৩ সেপ্টেম্বর হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরই মাঠে নামে
পুলিশ। তদন্তে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য।
পুলিশ
জানায়, আসলে ‘বড় সাজ্জাদ’ বা রায়হান এই চাঁদা দাবি করেনি। গুরুর নাম ভাঙিয়ে শিষ্যরাই
নিজেদের আখের গোছাতে পৃথক এই চাঁদাবাজচক্র তৈরি করেছে। পুলিশের ভাষায় এটি হলো ‘চোরের
ওপর বাটপাড়ি’। এই চক্রটি কয়েকটি স্তরে বিভক্ত হয়ে কাজ করে। একটি দল সম্ভাব্য বিত্তবানদের
সম্পর্কে তথ্য সংগ্রহ করে, আরেকটি দল বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি করে।
আর চাঁদা না দিলে ভয়ভীতি দেখানো বা সরাসরি গুলি করার জন্য রয়েছে আলাদা খুনিদল। সবচেয়ে
ভয়ংকর বিষয় হলো, গ্যাংয়ের এই সদস্যরা সবাই মাসিক বেতনের ভিত্তিতে কাজ করে। এলাকাভিত্তিক
আধিপত্য বিস্তার ও দ্রুত অর্থ উপার্জনের লোভেই ছিঁচকে এসব অপরাধী ধীরে ধীরে পেশাদার
কিলার হয়ে উঠছে।
ধরা
পড়ল যারা
হুমকি
পাওয়া চিকিৎসককে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার
(এসপি) মাসুদ আলম। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চিকিৎসক সাহস করে বিষয়টি জানানোর
পর হাটহাজারী সার্কেলের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ ও ওসিসহ
আমরা ফাঁদ পাতি। এর আগে গ্রেপ্তার হওয়া শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন ও গলাকাটা মোবারককে
রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিলাম। সেই তথ্যের সঙ্গে
চিকিৎসকের ফোনে আসা বার্তার প্রযুক্তিগত বিশ্লেষণ করে আমরা আসামিদের অবস্থান শনাক্ত
করি।’
হাটহাজারী
সার্কেলের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ প্রতিদিনের বাংলাদেশকে
জানান, সোমবার রাতে হাটহাজারী, বায়েজিদ বোস্তামী ও খুলশী থানার বিভিন্ন স্থানে সাঁড়াশি
অভিযান চালিয়ে চক্রটির সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কামরুল হাসান
ওরফে সাগর (২৫), মো. রিকু (২৫), মো. তরিকুল ইসলাম (২০), আহমদুল্লাহ (৪০), আহমদ রেজা
শাকিল (২৫), মো. মানিক (৪০) ও নুরুল আলমÑ সবাই কারাগারে থাকা দুর্ধর্ষ সন্ত্রাসী মোবারক
হোসেন ওরফে ডেভিড ইমনের সহযোগী। ডেভিড ইমন আবার শীর্ষসন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড-ইন-কমান্ড
হিসেবে পরিচিত।
হাটহাজারী
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, অভিযানে চারটি মোবাইল
ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি,
অস্ত্র, সন্ত্রাসবিরোধী আইন, অপহরণ ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
নিজেদের
পরিচয় গোপন রেখে শীর্ষসন্ত্রাসীদের নাম ব্যবহার করে সাধারণ মানুষের বুকে কাঁপন ধরানো
এই চক্রের শিকড় উপড়ে ফেলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা
পুলিশ।