ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুজ্জামান রকি। ফাইল ছবি
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌভ্রমণে এসে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে বাল্কহেডের ধাক্কা লেগে নদীতে পড়ে এক ছাত্রদল নেতা নিখোঁজ হয়েছেন।
শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনায় বাল্কহেডের ৩ জন যাত্রী নদীতে পড়ে যান। পরে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুজ্জামান রকিকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও ভ্রমণে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলা গড়ি ঘাট থেকে ১২৩ জন ভ্রমণকারী একটি বাল্কহেডে করে ভেড়ামারার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। মাজার পরিদর্শন শেষে রাতে তারা শৈলকুপার উদ্দেশে ফিরছিলেন। পথে রাত ৯টা ১০ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে ব্রিজের ৪ নম্বর পিলারের সঙ্গে বাল্কহেডটির পেছনের অংশের সংঘর্ষ হয়।
এতে রাকিবুজ্জামান রকি, লিটন ও ওহাব নামে তিনজন নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে লিটন ও ওহাবকে উদ্ধার করা হয়। তবে রকির কোনও সন্ধান পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর থেকে রকিকে উদ্ধারে ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। নদীর তীব্র স্রোত ও রাত হওয়ায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
রকির বন্ধু আনিসুজ্জামান বলেন, “রকি নদীতে পড়ে যাওয়ার পর আমি তাকে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু তাকে ধরে রাখতে পারিনি। সে যথেষ্ট শক্তিশালী এবং সাঁতারে দক্ষ। আমরা আশা করছি, তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে।”
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিখোঁজ রাকিবুজ্জামান রকিকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন ইউনিট কাজ করছে। বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত জানান, নিখোঁজ তিনজনের মধ্যে লিটন ও ওহাবকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। রাত হওয়ায় উদ্ধার অভিযান কিছুটা কঠিন হয়ে পড়েছে। রকিকে উদ্ধারে বিভিন্ন ইউনিট সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের সংশ্লিষ্ট সব ইউনিট ঘটনাস্থলে রয়েছে।