বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৮ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৮ পিএম
নগরীর প্যারারা রোড এলাকায় শুক্রবার সন্ধ্যায় অফিসের দরজা ভেঙে ভেতর থেকে পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালে দৈনিক সমকালের বরিশাল অফিস থেকে পত্রিকাটির সাবেক ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর প্যারারা রোড এলাকায় শুক্রবার সন্ধ্যায় অফিসের দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পুলক চ্যাটার্জির মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
দৈনিক সমকালের বরিশাল ব্যুরোপ্রধান সুমন চৌধুরী বলেন, “পুলক চ্যাটার্জির সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। সমকাল ছাড়ার পরও তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন এবং মাঝেমধ্যে অফিসে এসে পত্রিকা পড়তেন। এক দিন সময় কাটে না জানিয়ে নিয়মিত অফিসে এসে পত্রিকা পড়ার কথা বলেন। এজন্য তিনি অফিসের এক সেট চাবি চান। বিষয়টি ঢাকা অফিসকে জানানোর পর তার হাতে এক সেট চাবি দেওয়া হয়”।
সুমন চৌধুরী বলেন, “এক মাসের বেশি সময় ধরে পুলক চ্যাটার্জি অফিসে আসেননি। শুক্রবার পৌনে ৩টার দিকে তিনি ফোন করে জানতে চান, পুলক কোথায়। পরে বিকাল ৪টার দিকে অফিসে আসবেন বলে জানান। তবে তিনি সন্ধ্যা ৬টার দিকে অফিসে পৌঁছেন”।
তিনি বলেন, “অফিসের পিওন শুক্রবার সকাল ১০টার দিকে পত্রিকা রেখে চলে যান। এরপর আর অফিসে আসেননি। সন্ধ্যায় অফিসে এসে তিনি দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ। দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জির মরদেহ দড়িতে ঝুলতে দেখেন। পরে বাড়ির মালিক ও ওপরের তলায় থাকা যুগান্তর অফিসের লোকজনকে বিষয়টি জানান। এরপর পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে”।
পুলক চ্যাটার্জির ভাই দুলাল ভট্টাচার্জ বলেন, “তার ভাই খুব ভীতু ছিলেন। এমনকি ইনজেকশন দেওয়ার সময়ও তিনি ভয় পেতেন। মরদেহ যেভাবে উদ্ধার করা হয়েছে, তা তার কাছে স্বাভাবিক মনে হয়নি”।
তিনি বলেন, ‘সে গলায় দড়ি দেওয়ার মানুষ না।’ এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, “সবার উপস্থিতিতে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা কী, তা তদন্ত করে দেখা হচ্ছে”।
মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটন করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সিআইডির একটি দল ঘটনাটি নিয়ে কাজ করছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে।