টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৪ পিএম
টুঙ্গিপাড়া থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার পাটগাতী মধ্যপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এরপর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাটগাতী মধ্যপাড়া গ্রামের মৃত রুঙ্গু শেখের ছেলে আকবর শেখ (৩৫) এবং একই গ্রামের মৃত সাদেক আলী কাজীর ছেলে সোহাগ কাজী (৩৬)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত ২টার দিকে ওই গৃহবধূর বাড়িতে সিধ কেটে চার ব্যক্তি প্রবেশ করেন। এ সময় সন্তানদের মুখ চেপে ধরে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
গৃহবধূকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ বলেন, স্বামী এলাকার বাইরে থাকায় তিন ছেলে-মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে চার ব্যক্তি ঘরে প্রবেশ করে আমাকে পালাক্রমে ধর্ষণ করে। তখন আকবর ও সোহাগকে চিনতে পারলেও বাকি দুজনকে চিনতে পারিনি। তাদের কঠোর শাস্তির দাবি জানাই।
এ ঘটনায় ১০ সেপ্টেম্বর গৃহবধূর বাবা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়েছে।
ওসি আইয়ুব আলী বলেন, এ ঘটনায় গৃহবধূর পিতা বাদী হয়ে মামলা করার পর পুলিশ আকবর ও সোহাগকে গ্রেপ্তার করে।
শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।