কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৮ পিএম
প্রতিটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে শুক্রবার সকাল ৮টা থেকে পানি নিষ্কাশন শুরু করা হয়। ছবি: ভিডিও থেকে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়েছে। এই অবস্থায় আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট (স্পিলওয়ে)।
প্রতিটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে শুক্রবার সকাল ৮টা থেকে পানি নিষ্কাশন শুরু করা হয়। বর্তমানে লেকে পানির উচ্চতা রয়েছে ১০৫.৫১ ফুট এমএসএল (মিন সি লেভেল)।
কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে বর্তমানে পানি রয়েছে ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। পানি আরও বাড়লে জেলার বিভিন্ন নিচু এলাকায় ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই কাপ্তাই বাঁধের জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৬ দশমিক শূন্য ১ ফুটে পৌঁছালে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয় বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। পরে ৩ ফুট করে জলকপাট খুলে দেওয়া হয়েছিল। পানি কমার কারণে গত রবিবার জলকপাট বন্ধ করে দেওয়া হয়। তবে এর চারদিন পর আবারও পানি বাড়ার পরিপ্রেক্ষিতে জলকপাট খুলে দেওয়া হয়েছে।
কাপ্তাইয়ের কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, “হ্রদের পানির উচ্চতা ১০৫ ফুট এমএসএলে নেমে এলে আবারও বাঁধের জলকপাট বন্ধ করে দেওয়া হবে”।