× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজারহাটে সারের জন্য হাহাকার, শূন্য হাতে কৃষক

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৯ পিএম

বন্ধ নাজিমখানের বিসিআইসি ডিলার মেসার্স ভাই ভাই ফার্টিলাইজার ষ্টোর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বন্ধ নাজিমখানের বিসিআইসি ডিলার মেসার্স ভাই ভাই ফার্টিলাইজার ষ্টোর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে আমন মৌসুমে সারের চাহিদা ও সরবরাহ নিয়ে তৈরি হয়েছে চাপ। উপজেলার নাজিমখান ইউনিয়নের এক বিসিআইসি ডিলারের সেপ্টেম্বর মাসের ৪৪ মেট্রিক টন ইউরিয়া মাত্র ১০ দিনেই শেষ হয়ে গেছে।

একই সময়ে উমর মজিদ ইউনিয়নের এক ডিলারকে বরাদ্দের অতিরিক্ত আরও ১০ মেট্রিক টন উপবরাদ্দ দেওয়ার পরও কৃষকদের চাহিদা শেষ হয়নি। ফলে প্রয়োজনের সময় সার না পেয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন কৃষকরা; দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফেরার অভিযোগও উঠেছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে রাজারহাটে আবাদ হয়েছে ১১ হাজার ৯৫৫ হেক্টর জমিতে, যা উপজেলার নির্ধারিত লক্ষ্যমাত্রার পুরোটা। উপজেলার সাতটি ইউনিয়নে বিএডিসির সার ডিলার ১৬ জন এবং বিসিআইসির ৯ জনসহ ২৫ জন ডিলার রয়েছেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, আগস্ট মাসে উপজেলায় ইউরিয়া সারের বরাদ্দ ছিল ৬০০ মেট্রিক টন। একই মাসে টিএসপি ৭০ মেট্রিক টন, ডিএপি ৩০৭ মেট্রিক টন এবং এমওপি ১৯৫ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়। কৃষি অফিসের তথ্যমতে, এসব সার বরাদ্দ অনুযায়ী উত্তোলনও সম্পন্ন হয়েছে।

সেপ্টেম্বর মাসে উপজেলায় নতুন করে ইউরিয়া ৪০০ মেট্রিক টন, টিএসপি ৫০ মেট্রিক টন, ডিএপি ৬০ মেট্রিক টন এবং এমওপি ১১৭ দশমিক ৫০ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে।

নাজিমখানে ১০ দিনেই শেষ ৪৪ মেট্রিক টন

নাজিমখান ইউনিয়নের বিসিআইসি রাসায়নিক সার ডিলার মেসার্স ভাইভাই ফার্টিলাইজার স্টোরের মালিক মো. হবিবর রহমানের সেপ্টেম্বর মাসের ইউরিয়া বরাদ্দ ছিল ৪৪ মেট্রিক টন। বৃহস্পতিবারের মধ্যেই পুরো বরাদ্দের ইউরিয়া বিতরণ শেষ হয়েছে বলে জানান তিনি।

হবিবর রহমান বলেন, মাঠে সারের অনেক চাহিদা। পুরো মাসের সার ১০ দিনেই শেষ হয়ে গেছে। এখনও ২০ দিন বাকি। বরাদ্দ বাড়ালে সম্ভব। একটি উপবরাদ্দ পাওয়ার কথা, যদি দেয় তাহলে বাকিরা পাবে। না হলে এ মাসে আর দেওয়া সম্ভব হবে না।

তিনি জানান, টিএসপি, ডিএপি ও এমওপির জন্য জিও করা হলেও সেগুলো এখনও উত্তোলন করা হয়নি।

কোথাও মজুত, কোথাও ফুরিয়ে গেছে

নাজিমখান ইউনিয়নের বিএডিসি রাসায়নিক সার ও বীজ ডিলার মেসার্স আজাদ স্টোরের মালিক আবুল কালাম আজাদ সেপ্টেম্বর মাসে টিএসপি ২ মেট্রিক টন, ডিএপি ২ দশমিক ৪ মেট্রিক টন এবং এমওপি ৪ দশমিক ৭ মেট্রিক টন বরাদ্দ পেয়েছেন।

বৃহস্পতিবার পর্যন্ত তার কাছে টিএসপি ১ দশমিক ৮৫ মেট্রিক টন, ডিএপি ১ দশমিক ৯ মেট্রিক টন এবং এমওপি ৪ দশমিক ২ মেট্রিক টন মজুত ছিল।

একই ইউনিয়নের বিএডিসি রাসায়নিক সার ও বীজ ডিলার আশা বীজ ভান্ডারের মালিক আনোয়ারুল ইসলাম চাঁদ সেপ্টেম্বর মাসে টিএসপি ২ মেট্রিক টন, ডিএপি ২ দশমিক ৪ মেট্রিক টন এবং এমওপি ৪ দশমিক ৭ মেট্রিক টন বরাদ্দ পেয়েছেন।

বৃহস্পতিবার পর্যন্ত তার কাছে টিএসপি শূন্য দশমিক ৭ মেট্রিক টন, ডিএপি শূন্য দশমিক ৬ মেট্রিক টন এবং এমওপি ৩ দশমিক ৭ মেট্রিক টন ছিল।

৪৫ মেট্রিক টনের পর আরও ১০, তবুও শেষ চাহিদা

উমর মজিদ ইউনিয়নের বিসিআইসি ডিলার আলম ট্রেডার্সের মালিক আলম মিয়ার সেপ্টেম্বর মাসের বরাদ্দ ছিল ৪৫ মেট্রিক টন। বরাদ্দের পুরো সার বিতরণ শেষ হওয়ার পরও কৃষকদের চাহিদা থাকায় উপজেলা থেকে আরও ১০ মেট্রিক টন উপবরাদ্দ দেওয়া হয়। কিন্তু সেই অতিরিক্ত সার বিতরণ শেষ হওয়ার পরও চাহিদা রয়েছে বলে জানান তিনি। আলম মিয়া বলেন, এখনও অনেক চাহিদা আছে। বরাদ্দ বাড়াতে না পারলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সারাদিন লাইনে থেকেও সার পাইনি

সারের জন্য ডিলারের দোকানে ঘুরেও প্রয়োজনীয় সার না পাওয়ার অভিযোগ করছেন কৃষকরা। কৃষক আবুল কালাম বলেন, সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পেয়ে বাড়ি আসলাম। কী হবে জানি না।

কৃষক আবু বক্কর বলেন, নিজ ইউনিয়নে সার না পেয়ে একাধিক দোকানে ঘুরেও সার পাইনি। এখন আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।

কৃষক নুরু মিয়া অভিযোগ করে বলেন, সার যা আসে, প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্নভাবে অন্যের আইডি কার্ড দিয়েও উত্তোলন করে নেয়। আমি আর পারতেছি না।

ডিলারদের ওপর বাড়ছে চাপ

ছিনাই ইউনিয়নের বিসিআইসি ডিলার ইউসুফ আলী বলেন, আগে কৃষকরা খুচরা দোকানদারের কাছ থেকে সার কিনতেন। ডিলাররা খুচরা সার দোকানদারের কাছে বিক্রি করতে পারতেন। এখন সেই নীতিমালা না থাকায় কৃষকরা সরাসরি আমাদের কাছ থেকে সার কিনতে পারছেন। এজন্য শুধু আমাদের ওপরই চাপ বেড়েছে। বরাদ্দ বৃদ্ধি না করলে সংকট থেকেই যাবে।

ডিলার ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাজিমখানের মতো পরিস্থিতি উপজেলার রাজারহাট সদর, ঘড়িয়ালডাঙ্গা, চাকিরপাশা, ছিনাই ও বিদ্যানন্দ ইউনিয়নেও কমবেশি রয়েছে। কোথাও নির্দিষ্ট ধরনের সার দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আবার কোথাও মজুত থাকলেও কৃষকদের চাহিদার সঙ্গে সরবরাহের সময়ের মিল হচ্ছে না।

কৃষি অফিসের দাবি, ‘সারসংকট নেই’

তবে কৃষি অফিসের দাবি, উপজেলায় সার সরবরাহ ব্যবস্থা সচল রয়েছে এবং কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে সার সরবরাহ করা হচ্ছে। রাজারহাট উপজেলা কৃষি দপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী বলেন, বর্তমানে উপজেলায় কোনো সারসংকট নেই। উপসহকারী কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে সার সরবরাহ করা হচ্ছে।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, বর্তমানে সারের সরবরাহ ব্যবস্থাপনায় খুচরা পর্যায়ে কিছুটা ঘাটতি রয়েছে। একই সঙ্গে অনেক কৃষক অল্প অল্প পরিমাণে সার কিনতে চাচ্ছেন। এতে সরবরাহ ও বিতরণ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। আবার কিছু এলাকায় সার বিতরণকে কেন্দ্র করে রাজনৈতিক ইন্ধনের বিষয়ও আছে। বিষয়গুলো আমরা নজরে রাখছি এবং সার চাহিদা অনুযায়ী বণ্টন করার চেষ্টা করছি।

কৃষি দপ্তরের হিসাবে বরাদ্দ ও উত্তোলন স্বাভাবিক থাকলেও মাঠপর্যায়ে কৃষকদের সার পাওয়ার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে কোনো কোনো ডিলারের বরাদ্দ মাসের এক-তৃতীয়াংশ সময়ের মধ্যেই শেষ হয়ে যাওয়ায় বরাদ্দ ও বাস্তব চাহিদার মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

কৃষকদের দাবি, আমন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে যেন সারের জন্য তাদের জমির পরিচর্যা ব্যাহত না হয়। আর ডিলারদের দাবি, চাহিদা অনুযায়ী দ্রুত বাড়তি বরাদ্দ নিশ্চিত করা হোক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা