× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসুন্দা নদীপাড়ের মুক্তমঞ্চ ঘিরে মাসে ২৫ লাখ টাকার বাণিজ্য

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৬ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৭ পিএম

 নরসুন্দা নদীপাড়ে অবৈধ দোকানপাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসুন্দা নদীপাড়ে অবৈধ দোকানপাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ শহরের মানুষের বিনোদন ও স্বস্তির অন্যতম ঠিকানা নরসুন্দা নদীর পাড়ের মুক্তমঞ্চ। বিকেল হলেই এখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। পরিবার নিয়ে আসেন অনেকে। কেউ নদীর পাড়ে হাঁটেন, কেউ ওয়াচ টাওয়ারে ওঠেন, কেউবা বসেন নদীর ওপর নির্মিত ভাসমান মঞ্চ কিংবা পুকুরঘাটে।

কিন্তু সেই মুক্তমঞ্চেই এখন যেন মুক্তি নেই। দর্শনার্থীদের হাঁটা ও বসার জায়গা দখল করে গড়ে উঠেছে শত শত দোকান। শিশুদের খেলাধূলার সরঞ্জামও দোকানপাটে ঘেরা। দোকানের বর্জ্য যত্রতত্র ফেলার পাশাপাশি নরসুন্দা নদীতে ফেলা হচ্ছে। সন্ধ্যার পর বখাটে ও কিশোর গ্যাংয়ের উৎপাত এবং দর্শনার্থীদের হয়রানির অভিযোগও করছেন স্থানীয়রা। সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে মুক্তমঞ্চ ঘিরে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ দোকানপাট।

সরেজমিনে দেখা গেছে, মুক্তমঞ্চের বিভিন্ন অংশে সারি সারি দোকান। খাবার, চা, ফুচকা, ঝালমুড়িসহ নানা ধরনের পণ্যের দোকান বসেছে হাঁটার পথ ও দর্শনার্থীদের বসার জায়গার আশপাশে। বসার জন্য নির্মিত বেঞ্চের অনেকগুলোই দোকানিদের দখলে। শিশুদের জন্য থাকা দোলনা ও স্লিপারও দোকানপাটের কারণে অনেকটা আড়ালে পড়ে গেছে।

দর্শনার্থী এ্যাডভোকেট অশোক সরকার, দেবরাজ রায়, ব্যবসায়ী রাজীব পালসহ একাধিক ব্যক্তি বলেন, তারা মুক্তমঞ্চে আসেন একটু মুক্ত হাওয়া, বিকেলে হাঁটা ও স্বস্তির জন্য। কিন্তু দোকানপাটের কারণে স্বাভাবিকভাবে হাঁটা, বসা কিংবা শিশুদের খেলাধূলার সুযোগ কমে গেছে। তাদের অভিযোগ, দোকান থেকে কিছু না কিনে বেঞ্চে বসতে গেলেও কখনও কখনও বিড়ম্বনায় পড়তে হয়। একই ধরনের খাবার বিভিন্ন দোকানে ভিন্ন দামে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানি জানান, প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হয়। এক দোকানি বলেন, আমরা গরিব মানুষ। দোকান করে সংসার চালাই। চুরি-ডাকাতি তো করছি না। তবে এই টাকা কারা নিচ্ছেন, কীসের ভিত্তিতে নেওয়া হচ্ছে এবং এর কোনো সরকারি অনুমোদন আছে কি না- এ বিষয়ে তারা স্পষ্ট করে কিছু বলতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, দোকান বসানোর সময় এককালীন বড় অঙ্কের টাকা নেওয়া হয়। দোকান স্থাপন বা স্থানান্তরের ক্ষেত্রে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দেওয়া হিসাব অনুযায়ী, দৈনিক ভাড়া ও অন্যান্য অর্থ মিলিয়ে মাসে প্রায় ২৫ লাখ টাকার বাণিজ্য হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় নেতা নামধারী কিছু ব্যক্তি এবং পৌরসভার অসাধু কিছু কর্মচারী দোকানগুলো ভাড়া দিচ্ছেন ও টাকা আদায় করছেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও নথিপত্রের মাধ্যমে বিষয়টি যাচাই করা প্রয়োজন।

 পৌরসভার প্রধান নির্বাহী কর্মকতা সৈয়দ শফিকুর রহমান বলেন, তার জানা মতে বিদ্যুৎ সংযোগের সঙ্গে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের জড়িত থাকার বিষয়টি তার জানা নেই। তবে, তার বক্তব্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে দোকানীরা বলেন, পৌরসভার একাধিক কর্মচারীর সঙ্গে প্রভাবশালীদের আতাঁত রয়েছে। কারণ প্রতি দোকান থেকে বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে। কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী আব্দুর রউফ বলেন, মুক্তমঞ্চে পিডিপির একটি লাইন সংযোগ রয়েছে। তবে, তা কার নামে এই মুহূর্তে বলতে পারছি না।

মুক্তমঞ্চের পরিবেশ নিয়েও উদ্বেগ বাড়ছে। প্রতিদিন শত শত দোকান থেকে বিপুল পরিমাণ খাবারের উচ্ছিষ্ট, প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য উৎপন্ন হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এসব বর্জ্যের একটি বড় অংশ নদী ও নদীর পাড়ে ফেলা হচ্ছে। ফলে নরসুন্দা নদীর পানি ও আশপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবু হাসান বাবুল বলেন, সবুজের সমারোহ থাকার কথা ছিল মুক্তমঞ্চে। কিন্তু শত শত দোকানপাট গড়ে ওঠায় সবুজের ছিটেফোঁটাও নেই। নির্মল হাওয়া আমরা পাই না। তিনি আরও বলেন, দোকানপাটের বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। এতে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে শরীরচর্চা করতে হচ্ছে। 

মুক্তমঞ্চে ঘুরতে আসা মানুষের নিরাপত্তা নিয়েও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর বখাটে ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যায়। পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের কেউ কেউ ছিনতাই, মারধর ও হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তারা। সন্ধ্যার পর মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড চলে বলেও স্থানীয়দের অভিযোগ। কিশোরগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম বলেন, বিদ্যুৎ সংযোগ ও  অবৈধ দোকানের বিষয়ে তার কিছু জানা নেই। তবে, মুক্তমঞ্চ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা  পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য সব সময় নজরদারি করে আসছে। 

কিশোরগঞ্জ সনাকের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা আবদুল গণি বলেন, মুক্তমঞ্চে চিত্তবিনোদনের জন্য বরাদ্দ জায়গা এমনিতেই যথেষ্ট নয়। তার ওপর প্রভাবশালীরা যত্রতত্র দোকানপাট গড়ে তুলে ভাড়ায় দিয়েছেন। তার অভিযোগ, এতে মানুষের হাঁটা ও বসার জায়গা দখল হয়ে গেছে। নির্মল প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়েছে। দোকানের বর্জ্য নদীতে ফেলায় পরিবেশ হুমকিতে পড়েছে।

জানা গেছে, ২০১৪ সালে নরসুন্দা নদীকে ঘিরে ‘নরসুন্দা নদী খনন ও উন্নয়ন প্রকল্প’ হাতে নেওয়া হয়। প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পে নানা অনিয়ম-দুর্নীতির পরও প্রকল্পের নানা অবকাঠামো পরবর্তীতে কিশোরগঞ্জবাসীর অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হয়। ওয়াকওয়ে, পাঁচটি সেতু, নদীর ওপর ভাসমান মুক্তমঞ্চ, আটতলা ওয়াচ টাওয়ার, গোলাকার পুকুর, বেঞ্চ ও বিশ্রামশেড- সব মিলিয়ে নরসুন্দার পাড় হয়ে ওঠে শহরের অন্যতম আকর্ষণীয় স্থান। কিন্তু অবৈধ দোকানপাটের দখল ও অপরিকল্পিত বাণিজ্যের কারণে সেই সৌন্দর্য এখন হুমকির মুখে।


জেলা বিএনপি নেতা ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল সম্প্রতি কিশোরগঞ্জ প্রেস ক্লাবে বক্তব্য দিতে গিয়ে অভিযোগ করেন, আগে ফ্যাসিস্ট সরকারের নেতৃস্থানীয়রা মুক্তমঞ্চকে ঘিরে চাঁদাবাজি করতেন। এখন দলীয় লোকজন সেই কাজ নির্বিঘ্নে করে যাচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ড সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানান। কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক)  সভাপতি স্বপন কুমার বর্মন বলেন, মুক্তমঞ্চ কিশোরগঞ্জবাসীর বিনোদন ও অবসর কাটানোর জায়গা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত বাণিজ্যিক এলাকা নয়।

তাই স্থানীয়দের প্রশ্ন-সরকারি জায়গায় শত শত দোকান গড়ে উঠল কীভাবে? কার অনুমতিতে? দৈনিক ভাড়া ও কথিত সেলামির টাকা কারা নিচ্ছেন? সেই অর্থের হিসাব কোথায়? নদীতে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেই কেন? দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে কে?

কিশোরগঞ্জবাসীর দাবি, অবৈধ দোকানপাট উচ্ছেদ করে মুক্তমঞ্চের হাঁটা ও বসার জায়গা উন্মুক্ত করতে হবে। নদীতে বর্জ্য ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাড়াতে হবে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি অবৈধ দোকান স্থাপন ও অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নইলে যে মুক্তমঞ্চ ছিল শহরবাসীর স্বস্তি ও বিনোদনের জায়গা, সেটিই একসময় হয়ে উঠবে দখলদারিত্ব ও বাণিজ্যের আরেকটি স্থায়ী ঠিকানা।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নরসুন্দা মুক্তমঞ্ছ ও নদীর দৃষ্টিনন্দন নদীর পার সম্পর্কে অভিযোগ জানা আছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি সভা করে সম্মিলিতভাবে কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা