নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ১৬:১২ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ১৬:৪৪ পিএম
নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলী ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে তেল ছিনিয়ে নেওয়ার সময় ডাকাত দলের আট সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) রাতে ফতুল্লার বক্তাবলী চররাজাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক নান্নু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন—মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকার ময়না খান, একই জেলার কামারগাও গ্রামের বাবুল হক, মাদারীপুর জেলার শিবচর এলাকার আরাফাত হাওলাদার, ফরিদপুর জেলার সদরপুর এলাকার হারুন বেপারি, একই জেলার হৃদয় খান, ঢাকা জেলার দোহার এলাকার রাসেল শাহ আলম, ফরিদপুর জেলার মদুকালী এলাকার শাহ জাহান ও মাদারীপুর শিবচর এলাকার সোজাত হাওলাদার।
পুলিশ জানায়, ফতুল্লার বক্তাবলী ধলেশ্বরী নদীতে একটি ট্রলারে ডাকাতি হচ্ছে—এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। তাদের দেখে একটি ট্রলারে থাকা ১২ থেকে ১৫ জন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় তাদের লক্ষ্য করে পুলিশও তিন রাউন্ড গুলি করে। এ সময় ডাকাত সদস্যদের ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য আহত হন। তারা হলেন, বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই হাবিবুর রহমান ও কনস্টেবল আনোয়ার সুলতান। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিদর্শক নান্নু মিয়া বলেন, ‘তারা ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। ধলেশ্বরী নদীতে একটি ট্রলারে জোর করে তাদের কাছ থেকে তেল ছিনিয়ে নিতে চেয়েছিল। খবর পেয়ে ফোর্স নিয়ে সেখানে গেলে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তখন আমরাও পাল্টা তিন রাউন্ড গুলি ছুঁড়ি। এ সময় স্থানীয়দের সহায়তায় আটজনকে আটক করলেও বাকিরা নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে রামদা, শাবল, কাটারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের নিয়ে আসা ট্রলারটিও জব্দ করা হয়েছে।
‘ডাকাতদের ধরতে গিয়ে আমাদের দুই পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন’।