× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে প্রতি বৃহস্পতিবার ‘গ্রিন থার্সডে’, পরিচ্ছন্নতায় নামল ৫৮ শিক্ষাপ্রতিষ্ঠান

মধ্যাঞ্চল অফিস

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৫ এএম

পরিচ্ছন্ন বিদ্যালয় ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে চালু হয়েছে ‘গ্রিন থার্সডে’ কর্মসূচি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিচ্ছন্ন বিদ্যালয় ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে চালু হয়েছে ‘গ্রিন থার্সডে’ কর্মসূচি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিচ্ছন্ন বিদ্যালয় ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে চালু হলো ‘গ্রিন থার্সডে’ কর্মসূচি। এখন থেকে প্রতি বৃহস্পতিবার জেলার সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন।

জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রথম দিনেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদর উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক সোহানা নাসরিন ‘গ্রিন থার্সডে’ পালনের আহ্বান জানান।

এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং তাদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার চর্চা গড়ে তোলা।

জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে সভা শেষে বিকেলেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়েন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মচারীরাও এতে অংশ নেন।

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসাহ ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচিতে ৩৯টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষের আশপাশ, সড়কসংলগ্ন এলাকা ও প্রতিষ্ঠানের আঙিনায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এতে অল্প সময়ের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফিরে আসে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ।

সচেতন নাগরিকরা বলছেন, ‘গ্রিন থার্সডে’ শুধু বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার কর্মসূচি নয়; এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা ও নাগরিক মূল্যবোধ গড়ে উঠবে। প্রতি বৃহস্পতিবার এ কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আশপাশের এলাকাতেও পরিচ্ছন্নতার ইতিবাচক প্রভাব পড়বে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি আমাদের সম্মিলিত দায়িত্ব।’ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয় থেকেই পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষকদের দিকনির্দেশনা ও সহযোগিতায় ‘গ্রিন থার্সডে’ একটি সুন্দর ও ইতিবাচক উদ্যোগে পরিণত হয়েছে। প্রতি বৃহস্পতিবার এ কার্যক্রমের মাধ্যমে শুধু বিদ্যালয়ের পরিবেশই পরিচ্ছন্ন হবে না, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা ও নাগরিক মূল্যবোধও আরও সুদৃঢ় হবে।

এদিকে ‘গ্রিন থার্সডে’ কর্মসূচিতে অংশ নেওয়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা কমিটিসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পরিচালিত হলে পরিচ্ছন্নতা কেবল একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না; বরং তা শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা