ময়মনসিংহ অফিস
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৭ পিএম
মুক্তাগাছা শহরের মধ্যহিস্যা এলাকায় রাতে গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মুক্তাগাছা শহরের মধ্যহিস্যা এলাকায় রাতে গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় বুধবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা তার গায়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তার
মৃত্যু হয়। নিহত ফরহাদের দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
নিহত ফরহাদ হোসেন মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি বিগত সংসদ নির্বাচনে
মুসলিম লীগ থেকে এমপি মনোয়ন প্রত্যাশী ছিলেন। বেকারদের কর্মসংস্থান দাবিতে আন্দোলনসহ
বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
নিহতের পরিবার জানায়, বুধবার রাত ১০টার দিকে নিজ বাসা থেকে বের হলে দৃর্বৃত্তরা তার
শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে লোকজন দৌড়ে এসে তাকে মুমূর্ষু
অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আগুনে তার শরীরের নিন্মাংশসহ
সিংহভাগ ঝলসে যায়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের পিতা আব্দুস সাত্তার বলেন, কলেজ রোড এলাকার বাসিন্দা মুমিন ও তার সঙ্গীরা বাসা
ভাড়ার পূর্ব শত্রুতার জেরে ঘটনায় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার অধিকাংশ
শরীর পুড়ে যায়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ফরহাদ
হোসেন নামে এক যুবককে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।
এরপর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলবে বলে তিনি জানান।