নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৩ পিএম
নওগাঁয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার মানোন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার মানোন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত তিন মাসে বেসরকারি এসব হাসপাতাল ও এর ব্যবস্থাপনার অভিযোগে সাতটি
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ক্লিনিকের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
মামলার পাশাপাশি ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অব্যবস্থাপনা দূর ও চিকিৎসার মানোন্নয়ন
না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক
মোহাম্মদ সাইফুল ইসলাম।
গত ৯ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত অভিযানের অংশ হিসেবে
বুধবার বিকেল থেকে শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ অভিযান
পরিচালনা করা হয়। সেই অভিযান চলে রাত পর্যন্ত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সহযোগিতা করেন নওগাঁ
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন, সিভিল সার্জনের প্রতিনিধি ও পুলিশ
সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ জানান, এদিন নওগাঁ সদর উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক
ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত অনিয়ম এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায়
বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিউ ন্যাশনাল ক্লিনিক এবং স্কয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন
অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে ছিল ডিজি (স্বাস্থ্য) কর্তৃক প্রদত্ত লাইসেন্স নবায়ন
না করা, দৃশ্যমান স্থানে পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করা, চিকিৎসা সংক্রান্ত
রেজিস্টার যথাযথভাবে হালনাগাদ না রাখা এবং সাধারণ ও বিপজ্জনক চিকিৎসা বর্জ্য নির্ধারিত
কালার কোড অনুযায়ী পৃথক বিনে সংরক্ষণ না করা। এই সব অনিয়মের পরিপ্রেক্ষিতে ২টি প্রাইভেট
ক্লিনিকের বিরুদ্ধে ৪টি মামলায় মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
এছাড়া জুলাই ও আগস্ট মাসে একই আইন ও বিধিমালার আওতায় সদর উপজেলায় আরও ৬টি মোবাইল কোর্ট
অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১২টি মামলায় ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে
মোট ৭৮,০০০ (আটাত্তর হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বুধবার সম্পন্ন করা অভিযানসহ মোট ৭টি মোবাইল কোর্ট অভিযানে ১৬টি মামলায় ১২টি ক্লিনিক
ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সর্বমোট ১,০৮,০০০ (এক লাখ আট
হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রচলিত আইন ও বিধিমালা যথাযথভাবে প্রতিপালন, রোগীদের অধিকার
ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশসম্মতভাবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার
লক্ষ্যে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।