রংপুর অফিস
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ১৫:৪৯ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ১৮:০০ পিএম
রংপুরে যুবদলের বিক্ষোভ। ছবি : প্রবা
রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেষ হলো পুলিশি বাধায়। দলীয় কার্যালয়ের সামনে থেকে দলটির নেতাকর্মীদের মূল সড়কে নামতে দেয়নি পুলিশ। বাধার মুখে কার্যালয়ের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আদালতের রায়ের প্রতিবাদে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন রংপুর জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা।
দলটির নেতাকর্মীরা প্রথমে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের পাশে দলীয় কার্যালয় থেকে সড়কে নেমে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। সেখানেই পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু বলেন, ‘তারেক রহমান ও তার স্ত্রীর নামে মিথ্যা মামলায় সরকারের আজ্ঞাবহ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সেই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সরকারের দুঃশাসন এভাবে চলতে থাকলে রংপুর থেকে বৃহত্তর কর্মসূচির ডাক দিয়ে গোটা দেশ অচল করে দেবে যুবদল।’
সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, যুবদল নেতা আকিবুল রহমান মনু প্রমুখ।