× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপ্ন পূরণের আশায় রাশিয়ায়

মারা যাওয়ার ১৫ দিন পর বাড়ি ফিরল জাকিরের লাশ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৮ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২০ পিএম

জাকিরের মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা, ইনসেটে নিহত জাকির হোসেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জাকিরের মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা, ইনসেটে নিহত জাকির হোসেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় দেড় বছর আগে ধারদেনা করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের ভৈরবের জাকির হোসেন (৩৫)।

শ্রমিক হিসেবে কাজ করে অভাব ঘোচানোর পাশাপাশি পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিলেন তিনি। স্বজনদের সঙ্গে ভাগ্য বদলের আশার কথাও বলেছিলেন।

কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়ে প্রায় ১৫ দিন পর নিথর দেহে বাড়ি ফিরলেন জাকির।

উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের নিজ বাড়িতে বুধবার সকাল ১১টার দিকে তার মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শোকে স্তব্ধ হয়ে পড়েন প্রতিবেশীরাও।

এরপর বিকাল তিনটায় ঝগড়ারচর কবরস্থান মাঠে জানাজা শেষে সেখানেই দাফন করা হয় জাকিরকে।

জাকির হোসেন আতকাপাড়া গ্রামের মৃত রতন মিয়ার বড় ছেলে। তিনি এক কন্যাসন্তানের বাবা ছিলেন।

পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দেড় বছর আগে ধারদেনা করে প্রায় ৮ লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান জাকির। পরে দেশটির আমুর অঞ্চলের সিনাফেক্স কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

গত ২৫ আগস্ট রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলের গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৫ জন শ্রমিক নিহত হন। তাদের মধ্যে ছিলেন ভৈরবের জাকির হোসেনও।

অগ্নিকাণ্ডের পরপরই জাকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পারেননি তার সহকর্মীরা। ঘটনার তিন দিন পর দুর্ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্তের মাধ্যমে সেটি জাকিরের মরদেহ বলে নিশ্চিত করা হয়।

স্বজনরা জানান, গত ২৭ আগস্ট রাশিয়ায় অবস্থানরত জাকিরের চাচাতো ভাই আলী হোসেনের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর প্রথম জানতে পারে পরিবার। এরপর থেকেই মরদেহ দেশে ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনরা।

অবশেষে প্রায় দুই সপ্তাহের অপেক্ষার পর বুধবার বাড়িতে পৌঁছায় জাকিরের মরদেহ। যে বাড়ি থেকে একদিন জীবিকার সন্ধানে বিদেশের পথে পাড়ি জমিয়েছিলেন তিনি, সেই বাড়িতেই ফিরলেন নিথর হয়ে।

জাকিরের মৃত্যুর পর সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে তার রেখে যাওয়া ঋণ আর ছোট মেয়ের ভবিষ্যৎ। পরিবারের সদস্যরা বলছেন, অভাব ঘোচাতে বিদেশে গিয়ে জাকির নিজেই আর ফিরলেন না। এখন তার রেখে যাওয়া দেনা শোধ এবং শিশুকন্যার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।

নিহতের মা রোকেয়া বেগম বলেন, “৯ মাস আগে স্বামীকে হারিয়েছি। এখন ছেলেকে হারালাম। প্রায় ৮ লক্ষ টাকা ধারদেনা করে জাকির রাশিয়ায় গিয়েছিল। লক্ষ খানেক টাকা পরিশোধ করতে পেরেছিলেন। পাওনাদারকে বাকি টাকা পরিশোধ করতে চিন্তিত রয়েছি। শিশু সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে যেন রাশিয়ার কোম্পানি থেকে ক্ষতিপূরণ পায় সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।”

নিহতের স্ত্রী রিপা বেগম বলেন, “দেনার টাকা এখনো পরিশোধ হয়নি। তার ওপর আমার একটি কন্যা সন্তান রয়েছে। আমাকে সরকার সহযোগিতা না করলে আমি কিভাবে সন্তানকে বড় করবো। রাশিয়ার কোম্পানি থেকে যদি ক্ষতিপূরণ পেতে সরকার সহযোগিতা করে তাহলে একমাত্র মেয়েকে নিয়ে চলতে পারবো।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে. এম. মামুনুর রশীদ বলেন, “জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি জেনেছি। আমি প্রশাসনিকভাবে খবর নিচ্ছি। জাকির হোসেন যদি সরকারিভাবে রাশিয়ায় গিয়ে থাকেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও শ্রমকল্যাণ মন্ত্রণালয় বিষয়টি দেখবে। ভবিষ্যতে আর্থিক সহযোগিতারও সুযোগ রয়েছে। আমার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে যা যা সহযোগিতা করা দরকার তা আমি করব।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা