প্রবা প্রতিবেদক,ঝিনাইদহ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ এএম
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সদ্য বিদায়ী সহকারী পরিচালক মুন্তাছির রহমান। ফাইল ছবি
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
গত সোমবার ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর থেকে বদলির পর তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছে বলে জানা গেছে। অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ রয়েছে, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান দায়িত্ব পালন, সরকারি কার্যক্রম ও ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে বিভিন্ন ধরনের ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানো হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন। কিন্তু যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আনোয়ারুজ্জামান আজাদ বলেন, “কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা প্রকাশ করা উচিত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার না চালিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে জনস্বার্থ রক্ষা করা প্রয়োজন। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান এ জনপদের পরিবেশ রক্ষার জন্য একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করেছেন। যা জেলার সর্বমহলে প্রশংসিত হয়েছে। তার মতো একজন সজ্জন কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কোনোভাবেই মেনে যায় না।”
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর সদ্য বিদায়ী সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, “আমি ঝিনাইদহে কার্যালয়ে যোগদানের পর থেকেই পরিবেশের সুরক্ষায় নানা ধরনের কর্মকাণ্ডে অংশ নিয়েছি। এতে একটা মহল অবৈধ সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে নাই। এখন তারাই আবার আমাকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে।”
এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাসান বলেন, “যেকোনো কর্মকর্তার জন্য বদলি একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। তবে বদলির পর তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা করা কোনোভাবেই কাম্য নয়।”