অসুস্থ শিক্ষার্থীদের প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলোদেশ
বরগুনার আমতলীতে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর আনা আখরোট খেয়ে সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি বুধবার রাত পৌনে ৮টার দিকে ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং চলছিল। শতাধিক শিক্ষার্থী ছিল। রাত সাড়ে ৭টার দিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন তার প্রবাসী বাবার আনা আখরোট বিদ্যালয়ে নিয়ে আসে এবং সহপাঠীদের মধ্যে বিতরণ করে।
এরপর তানিয়া, উর্মী, মিম, এলমা, মরিয়ম, ফাতেমা ও সামিয়া সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বমি, শ্বাসকষ্ট ও অস্থিরতা দেখা দেয়। খবর পেয়ে অভিভাবকেরা বিদ্যালয়ে ছুটে আসেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে যান।
রাত পৌনে ১০টার দিকে চিকিৎসকেরা চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
অভিভাবক মিলন ফকির, জসিম বয়াতি ও আবুল হোসেন বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে তারা দেখতে পান, কয়েকজন ছাত্রী বমি করছে এবং শ্বাসকষ্টে ভুগছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
তবে কী কারণে তারা অসুস্থ হয়েছে, তা তারা নিশ্চিত নন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমান হোসেন বলেন, “সপ্তম শ্রেণির ১০ জন শিক্ষার্থীর মধ্যে সাতজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে কী কারণে তারা অসুস্থ হয়েছে, তা তিনি জানেন না।”
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করতে সহযোগিতা করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, আবির নামের এক শিক্ষার্থী তার প্রবাসী বাবার আনা আখরোট সহপাঠীদের খাওয়ায়। এরপর কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তবে মরিয়ম ও সামিয়া নামের দুই শিক্ষার্থী আখরোট না খেলেও অসুস্থ হয়েছে। আবিরকে জিজ্ঞাসাবাদসহ বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা হবে।”
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শুভেন্দু বায় বলেন, “অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা শ্বাসকষ্ট, অস্থিরতা ও বমির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তবে ঠিক কী খেয়ে তারা অসুস্থ হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।”
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তদন্ত করে ঘটনার কারণ এবং কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।