× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে ২৭ টাকার সার বিক্রি হচ্ছে ৫০ টাকায়

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৪ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ০৯:৫৫ এএম

জমিতে সার ছিটাচ্ছেন কৃষক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জমিতে সার ছিটাচ্ছেন কৃষক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে টিএসপি সার। সরকার যেখানে প্রতি কেজি টিএসপি সারের দাম ২৭ টাকা নির্ধারণ করেছে, সেখানে জেলার বিভিন্ন বাজারে তা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। একইভাবে ইউরিয়া, এমওপি ও ডিএপি সারও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে কৃষকদের।

চলতি মৌসুমে ঝিনাইদহের মাঠে আমন আবাদ চলছে। পাশাপাশি শীতকালীন সবজি চাষের জন্যও জমি প্রস্তুত করছেন কৃষকেরা। এ সময়ে সারের বাড়তি দামে বিপাকে পড়েছেন তারা।

সম্প্রতি জেলার সদর, শৈলকুপা, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে সরকারি মূল্যে সার না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে গেলে ‘সার শেষ’ বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পরে পরিচিত ব্যক্তি বা অন্য ব্যবসায়ীদের মাধ্যমে একই সার বেশি দামে কিনতে হচ্ছে।

কৃষকদের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বাড়িয়ে দিয়েছে। তাদের দাবি, কৃষি অফিস ও ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় বাধ্য হয়ে খোলাবাজার থেকে বাড়তি দামে সার কিনতে হচ্ছে।

স্থানীয় সূত্রে বলছে, কতিপয় অসাধু ডিলার সরকারি গুদামের সার মজুদ করে রাতের আঁধারে কালোবাজারে ছাড়ছেন। পরে পরিচিত কীটনাশক ব্যবসায়ী ও অন্য বিক্রেতাদের মাধ্যমে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এসব সার বিক্রি করা হচ্ছে।

সূত্রের দাবি, সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুসহ জেলার বিভিন্ন এলাকার কয়েকজন ডিলারকে ঘিরে দীর্ঘদিন ধরে এ ধরনের একটি চক্র সক্রিয় রয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডিলারদের বক্তব্য পাওয়া যায়নি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে ইউরিয়া প্রতি কেজি ২৭ টাকা, এমওপি ২০ টাকা, ডিএপি ২১ টাকা এবং টিএসপি ২৭ টাকা দরে বিক্রির কথা। কিন্তু বাজারে ইউরিয়া ৩০ থেকে ৩৫ টাকা, এমওপি ২৮ থেকে ৩৫ টাকা, ডিএপি ৩০ থেকে ৫০ টাকা এবং টিএসপি ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সদর উপজেলার পূর্ব কেষ্টপুর গ্রামের কৃষক আব্দুল ওয়াহাব বলেন, “চার বিঘা জমিতে বেগুন ও কাঁচা মরিচ চাষ করেছি। এসব ফসলে টিএসপি সারের প্রয়োজন হয়। ডিলারের কাছে সরকারি দামে সার চাইলে বলা হয়, সার শেষ হয়ে গেছে। পরে অন্য একজন কৃষককে দিয়ে একই সার ৫০ টাকা কেজি দরে কিনতে হয়েছে”।

শৈলকুপার রানীনগর গ্রামের কৃষক ইসহাক আলী বলেন, “প্রতি মৌসুমেই একই অবস্থা হয়। ডিলারের কাছে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও সরকারি দামে সার পাওয়া যায় না। কৃষি অফিসে জানিয়েও তেমন প্রতিকার পাইনি। ফলে সিন্ডিকেটের কাছে আমরা অসহায়”।


কোটচাঁদপুর উপজেলার এক সার ডিলার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এ অঞ্চলে সবজি ও মাছের চাষ বেড়েছে। এসব চাষে টিএসপি ও ডিএপির চাহিদা বেশি। চাহিদা বেড়ে যাওয়ায় অনেক ডিলার বেশি দামে সার বিক্রি করছেন”।

জেলা সচেতন নাগরিক সমাজের আনোয়ারুজ্জামান আজাদ বলেন, “প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এ সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। যারা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নিচ্ছে, তাদের লাইসেন্স বাতিলসহ শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে উৎপাদন খরচ বাড়বে এবং এর প্রভাব বাজারেও পড়বে”।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, “কতিপয় অসাধু ব্যবসায়ী সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করছে। এমন অভিযোগ পাওয়ার পর নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন সার ডিলারকে জরিমানা করা হয়েছে”।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, “কৃষকদের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সারের অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। যারা কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। পাশাপাশি নতুন ডিলার নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

তিনি বলেন, “আশা করছি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে”।

এদিকে প্রতিদিন জেলার বিভিন্ন ডিলার পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক কৃষক সার না পাওয়ার অভিযোগ করছেন। ফলে একদিকে আমন ও সবজি আবাদ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, অন্যদিকে বাড়তি দামে সার কেনায় কৃষকদের উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা