পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৩ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে।
ট্রাকের ধাক্কায় স্বপ্না খাতুন (৩৫) ও আনোয়ার মালিথা (৪০) নামে এক দম্পতি নিহত হয়েছেন।
ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার মালিথা উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে। স্বপ্না খাতুন তার স্ত্রী।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার আনোয়ার মালিথার বড় ছেলে সিয়াম হোসেনের বিয়ের আয়োজন ছিল। এ উপলক্ষে বুধবার বিকালে স্ত্রী স্বপ্না খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে বিয়ের কেনাকাটা করতে যান আনোয়ার মালিথা। বাজার শেষে সন্ধ্যায় তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথে আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে নতুনহাট থেকে ঈশ্বরদী শহর অভিমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার মালিথাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ওসি আশাদুর রহমান বলেন, “ঈশ্বরদীর আলহাজ্ব মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও মর্মান্তিক। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে”।