খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
অক্সিজেন সংকটে সাময়িকভাবে বন্ধ থাকার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) শিশু বিভাগে আবার রোগী ভর্তি শুরু হয়েছে।
জরুরি বিভাগের স্টোর থেকে মঙ্গলবার গভীর রাতে আটটি অক্সিজেন সিলিন্ডার শিশু বিভাগে পাঠানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত অক্সিজেনের কোনো সংকট নেই এবং শিশু বিভাগে স্বাভাবিক নিয়মে রোগী ভর্তি নেওয়া হচ্ছে।
খুমেকের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. রোকসানা পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত আটটার দিকে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় নতুন রোগী ভর্তি না করার নির্দেশনা দেওয়া হয়।
লিখিত নির্দেশনায় বলা হয়, পর্যাপ্ত অক্সিজেনের অভাবে নতুন ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন-সেবা দেওয়া সম্ভব নয়।
পরে হাসপাতালের স্টোর থেকে একের পর এক সিলিন্ডার শিশু বিভাগে নেওয়া হয়। সিলিন্ডার পৌঁছানোর পর পুনরায় রোগী ভর্তি শুরু হয়।
শিশু বিভাগে রোগীর চাপ এমনিতেই বেশি। এর মধ্যে অক্সিজেন সরবরাহে সংকট দেখা দেওয়ায় চিকিৎসক-নার্সদের ওপর চাপ আরও বেড়ে যায়। বিশেষ করে শ্বাসকষ্টে আক্রান্ত সংকটাপন্ন শিশুদের জন্য অক্সিজেন অত্যন্ত জরুরি।
রোগীর স্বজনেরা বলেন, অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে এসে ভর্তি হতে না পারা পরিবারের জন্য বড় দুর্ভোগ। সংকটাপন্ন শিশুদের দ্রুত চিকিৎসার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করা জরুরি।