সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে বজ্রপাতের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সেনপুর আল মাহমুদ এভিনিউ এলাকায় বুধবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাসা বা গ্যাস লাইনের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় কয়েকজন জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে সিরাজগঞ্জে কয়েক দফা বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ মন্ত্রীর বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা দেখা দিলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী সোহেল আব্বাস বলেন, বৃষ্টির সময় বিকট শব্দে বজ্রপাতের পর তিনি মন্ত্রীর বাসার গেটের সামনে আগুনের শিখা দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, গ্যাসের রাইজারে বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে গেটম্যান জানিয়েছেন।
মন্ত্রীর এপিএস মোহাম্মদ জুয়েল ও গেটম্যান শফিও বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করেছেন।