× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ঝুঁকিতে ২০ কিমি এলাকা

রাকিবুল ইসলাম, রায়পুর (লক্ষ্মীপুর)

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৯ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৩ পিএম

মেঘনা নদীর অব্যাহত ভাঙনে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকায় বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা। ছবিটি সম্প্রতি রায়পুর উত্তর চরবংশী ইউনিয়নের চর ঘাশিয়া এলাকার থেকে তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেঘনা নদীর অব্যাহত ভাঙনে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকায় বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা। ছবিটি সম্প্রতি রায়পুর উত্তর চরবংশী ইউনিয়নের চর ঘাশিয়া এলাকার থেকে তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেঘনা নদীর অব্যাহত ভাঙনে লক্ষ্মীপুরের রায়পুর, সদর ও রামগতি উপজেলার বয়ারচর এলাকার প্রায় ২০ কিলোমিটার উপকূলীয় এলাকা ভাঙনকবলিত হয়ে পড়েছে। এসব এলাকায় স্থায়ী কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় তীরবর্তী শত শত পরিবার চরম ঝুঁকিতে রয়েছে। ভাঙনের মুখে পড়েছে বসতভিটা, ফসলি জমি ও চলাচলের রাস্তা। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ভাঙন অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।

রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চর ঝালিয়া ও চর ঘাশিয়া গ্রামে নদীভাঙনের ভয়াবহতা দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় চর ঝালিয়া গ্রামে একটি ছোট খাল ছিল, যা পার হয়ে তারা চলাচল করতেন। দীর্ঘদিন ধরে ভাঙনের কারণে খালটি প্রশস্ত হয়ে বর্তমানে বিশাল আকারে মেঘনা নদীর সঙ্গে মিশে গেছে। ইতোমধ্যে কয়েকটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। প্রায় ১০০ পরিবার ও একটি মসজিদসংবলিত এই এলাকার বাসিন্দারা চরম উৎকণ্ঠায় রয়েছেন।

একই অবস্থা পার্শ্ববর্তী চর ঘাশিয়া গ্রামেরও। এখানকার চান্দার খালটিও ভাঙনের মুখে বিশাল মেঘনা নদীতে পরিণত হয়েছে। গ্রামের বসতভিটা, কৃষিজমি ও রাস্তাঘাট হুমকির মুখে রয়েছে। গ্রামটিতে দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে একটির নতুন ভবনের নির্মাণকাজ চলছে। বিদ্যালয়টি থেকে মেঘনার দূরত্ব এখন মাত্র আধা কিলোমিটার। ভাঙন রোধ করা না গেলে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আতঙ্কে স্থানীয়রা

চর ঝালিয়ার বাসিন্দা মকুল মাঝি, রাসেল ছৈয়াল ও চর ঘাশিয়ার সিদ্দিক, মফিজ, কুদ্দুসসহ স্থানীয়রা জানান, চোখের সামনে বসতভিটা ও জমি নদীতে চলে যাচ্ছে। কখন নিজেদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়, সেই আতঙ্কে দিন কাটছে তাদের। নারী বাসিন্দা কুলসুমা বেগমও নদী ঘনিয়ে আসার আশঙ্কার কথা জানিয়ে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রামগতির বয়ারচরের বাসিন্দা লিটন গাইন ও সুফিয়ান মাঝি জানান, দীর্ঘ দিন ধরে এলাকার মানুষ ভাঙন আতঙ্কে রয়েছেন। নতুন বাঁধের কাজ শুরু হওয়ায় কিছু মানুষ আশার আলো দেখলেও অনেক জায়গায় এখনো কোনো সুরক্ষা নেই। দ্রুত ব্লক স্থাপনসহ স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

২০ কিলোমিটারে নেই কোনো সুরক্ষা

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল জানান, লক্ষ্মীপুরের প্রায় ৬০ কিলোমিটার উপকূলীয় এলাকা ভাঙনপ্রবণ। এর মধ্যে ২০১৮ সালে ৬ দশমিক ৫ কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ করা হয়েছে। বর্তমানে রামগতি ও কমলনগর উপজেলায় ৩১ কিলোমিটার বাঁধের নির্মাণকাজ চলমান রয়েছে এবং ৬২০ মিটার এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করা হয়েছে।

তবে রায়পুর, লক্ষ্মীপুর সদর ও রামগতির বয়ারচর এলাকার প্রায় ২০ কিলোমিটার অংশ এখনো কোনো সুরক্ষার আওতায় আসেনি বলে জানান এই কর্মকর্তা। তিনি আরও জানান, এসব এলাকায় ভাঙন প্রতিরোধে ব্লক ফেলার জন্য দুটি পৃথক প্রকল্প প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে বয়ারচরের প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে এবং একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় আছে। এছাড়া সদর ও রায়পুর অংশের জন্যও আলাদা একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা